নাজাত ইসলামি মারকাজের উদ্যোগে রাজনগরে হুইল চেয়ার ও খাদ্যসামগ্রী বিতরণ
আক্তার হোসেন সাগর : মানবসেবার মহান ব্রতকে সামনে রেখে নাজাত ইসলামি মারকাজের উদ্যোগে মৌলভীবাজারের রাজনগরে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে হুইল চেয়ার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (১৩ জুন) রাজনগর পোর্টিয়াস উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ১০ জন অসচ্ছল ও শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে হুইল চেয়ার এবং ৫০টি দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজাত ইসলামির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা সালেহ আহমদ হামিদী। তিনি তাঁর বক্তব্যে বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো ইসলামের অন্যতম শিক্ষা। মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে।
এ সময় উপস্থিত ছিলেন ডা. শেখ হোসাইন আহমদ হামিদী। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন আব্দুর রহমান সোহেল, মাওলানা এনামুল হকসহ নাজাত ইসলামি মারকাজের অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে উপকারভোগীরা নাজাত ইসলামি মারকাজের এ মহতী উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

















