যুক্তরাজ্য ও ইউরোপে বুধবার থেকে শুরু পবিত্র মাহে রামাদান
সৌদি আরবে চাঁদ দেখা যাওয়ায় যুক্তরাজ্য ও ইউরোপে আগামীকাল বুধবার, ১৮ তারিখ থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। যুক্তরাজ্যের সেন্ট্রাল মসজিদ ও স্থানীয় ইসলামিক সেন্টার ও ধর্মীয় কর্তৃপক্ষগুলো প্রাথমিকভাবে এ তারিখেই রোজা শুরুর কথা জানিয়েছে। রমজান মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি মাস।
এ সময় ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা পালন, নামাজ, কোরআন তিলাওয়াত এবং দান-সদকার মাধ্যমে আত্মশুদ্ধির চেষ্টা করা হয়। যুক্তরাজ্য ও ইউরোপজুড়ে বসবাসরত মুসলিম সম্প্রদায় ইতোমধ্যে রমজানকে স্বাগত জানাতে বিভিন্ন প্রস্তুতি সম্পন্ন করেছে।
এছাড়াও বরাবরের মত এবারও পবিত্র মাহে রামাদান উপলক্ষে সেন্ট্রল লন্ডনে আলোকসজ্জা করে পবিত্র এ মাসকে স্বাগত জানিয়েছে লন্ডন মেয়র সাদিক খান।
এদিকে মসজিদগুলোতে তারাবিহ নামাজের আয়োজন করা হবে এবং অনেক স্থানে ইফতার মাহফিলেরও পরিকল্পনা রয়েছে। ব্যবসা প্রতিষ্ঠানগুলোও রমজান উপলক্ষে বিশেষ খাদ্যপণ্য ও অফার চালু করেছে।
ধর্মীয় নেতারা বলেছেন, রমজান সংযম, ধৈর্য ও সহমর্মিতার শিক্ষা দেয়। বিশ্বজুড়ে সংঘাত ও অস্থিরতার প্রেক্ষাপটে তারা শান্তি ও মানবকল্যাণের জন্য বেশি বেশি দোয়া করার আহ্বান জানিয়েছেন।


















চয়ন সামি