শরীয়তপুর-২ আসনের সাংসদ মো. সফিকুর রহমান কিরন বলেছেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উন্নয়ন ও উৎপাদনের রাজনীতিতে বিশ্বাস করতেন। তার খাল খনন কর্মসূচির মাধ্যমে খাদ্য উৎপাদন বৃদ্ধির সুফল প্রমাণিত। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে খাল খনন কর্মসূচির মাধ্যমে কৃষিতে বিপ্লব ঘটবে।’
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়নের পোড়াগাছা খাল উন্নয়ন কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
এ সময় সফিকুর রহমান কিরন আরও বলেন, ‘জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করতে পারলে আগামী দুই বছরের মধ্যে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে। পাশাপাশি চাল-ডালের দাম কমে আসবে। এ প্রকল্পের কাজ সম্পন্ন হলে জোয়ার-ভাটার পানি সরাসরি কৃষকের জমিতে পৌঁছাবে। জলাবদ্ধতারও নিরসন ঘটবে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরীয়তপুরের স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এসএম রাফেউল ইসলাম, নড়িয়া উপজেলা বিএনপির সভাপতি সামসুল আলম দাদন মুন্সী, সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়েল মাঝি প্রমুখ।
কেকে/এসএ