যশোরের কেশবপুরে জমি দখলের চক্রান্তে এক বিধবা নারীকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিকার চেয়ে ওই বিধবা নারী ৮ জনের নাম উল্লেখ করে উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার পরচাকড়া গ্রামের মহারানী মণ্ডলের স্বামী সোনাই মণ্ডলের মৃত্যুর পর থেকে তিনি তার স্বামীর পৈতৃক সূত্রে পাওয়া ৮৮ নং পরচাকড়া মৌজার ৫৬৮ নং খতিয়ানের ১৪৫২ নং দাগের ৩৮ শতকের মধ্যে ৯.৪৬ শতক জমি ভোগদখল করে আসছিলেন।
মহারানী মণ্ডল এর মধ্যে ৮ শতক জমি একই এলাকার মৃত লুৎফার রহমানের ছেলে ইসমাইল হোসেনের কাছে বিক্রি করলে তিনি সেখানে দুটি দোকানঘর নির্মাণ করে মিষ্টির ব্যবসা পরিচালনা করে আসছেন। এরপর থেকে ওই দাগের অবশিষ্ট ১.৪৬ শতক জমিসহ তার স্বামীর পৈতৃক সূত্রে পাওয়া অন্য জমি থেকে উচ্ছেদ করতে এলাকার প্রতাপ মণ্ডল, তপন মণ্ডল, লক্ষণ মণ্ডল, স্বপন মণ্ডল, মঙ্গল মণ্ডল, কৃষ্ণ মণ্ডল, বলাই চন্দ্র মণ্ডল, সত্যপদ মণ্ডল গং তাকে মারধর ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। এ ঘটনার প্রতিকার চেয়ে বিধবা মহারানী মণ্ডল ৮ জনের নাম উল্লেখ করে গত বুধবার উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগপত্র দাখিল করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন বলেন, “এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
কেকে/এলএ