পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে সপরিবারে গ্রামের বাড়িতে গিয়েছিলেন সাংবাদিক খাইরুল ইসলাম চৌধুরী। এই সুযোগে তার ভাড়া বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ঘরের তালা ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্রসহ প্রায় তিন লাখ টাকার সম্পদ লুট করে নিয়ে গেছে।
শনিবার (২১ মার্চ) দিবাগত রাতে নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতী থানার যোগানিয়া গ্রামে এই চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী সাংবাদিক খাইরুল ইসলাম এনটিভি অনলাইনের কালিয়া উপজেলা প্রতিনিধি ও দৈনিক খোলা কাগজের নড়াইল জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
সাংবাদিক খাইরুল ইসলাম জানান, স্ত্রীর চাকরি সূত্রে কালিয়া উপজেলার যোগানিয়া গ্রামের চক্রবর্তী পাড়ায় হরিদাশের বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন তিনি। মঙ্গলবার (১৭ মার্চ) ঈদের ছুটিতে সপরিবারে তারা একই উপজেলার শুড়িগাতি গ্রামে নিজেদের বাড়িতে যান। রোববার (২২ মার্চ) সকালে যোগানিয়া গ্রামের চক্রবর্তী পাড়ার প্রতিবেশী সমীর চক্রবর্তী মুঠোফোনে তাকে চুরির বিষয়টি জানান। খবর পেয়ে তিনি ভাড়া বাড়িতে এসে দেখেন, দরজার তালার অংশটি ভাঙা এবং দরজা খোলা। চোরেরা দরজা ভেঙেই ভেতরে প্রবেশ করেছে বলে তার ধারণা।
ভুক্তভোগী এই সাংবাদিকের দাবি, চোরেরা তার বাসা থেকে নগদ প্রায় ৮০ হাজার টাকা, এক ভরি ওজনের স্বর্ণালংকার, একটি টেলিভিশন, একটি গ্যাসের চুলা, দুটি গ্যাস সিলিন্ডার, ওয়াইফাই রাউটার ও ইন্টারনেটের ওএনইউসহ (ONU) আরও বেশ কিছু মূল্যবান সামগ্রী নিয়ে গেছে। চুরি যাওয়া এসব মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা।
স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে গত ১৯ ফেব্রুয়ারি চক্রবর্তী পাড়ার একই এলাকা থেকে এনজিও কর্মী তপন কৃষ্ণ সেনের ভাড়া বাসা থেকেও প্রায় ১২ লাখ টাকার মূল্যবান জিনিসপত্র চুরি হয়। এ বিষয়ে ভুক্তভোগী ওইদিনই নড়াগাতী থানায় লিখিত অভিযোগ করেছিলেন। এর এক মাসের মাথায় এবার সাংবাদিকের বাসায় চুরির ঘটনা ঘটল।
সাংবাদিকের বাসায় চুরির বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম বলেন, ‘খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা ঘটনাস্থল পরিদর্শন করছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
কেকে/এজে