সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শেখ অলিউল ইসলাম (৩৫) নামে এক ঘের মালিকের মৃত্যু হয়েছে।
রোববার (২৯ মার্চ) দুপুরে কালিগঞ্জ উপজেলার গণপতি বিলে নিজ মাছের ঘেরে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে।
নিহত অলিউল গণপতি গ্রামের শেখ আমিনুর রহমানের ছেলে।
পরিবারের সদস্যদের বরাতে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল হোসেন বলেন, ‘‘দুপুরে ডা. মুজিব-রুবি হাইস্কুলের সামনে অবস্থিত নিজের মাছের ঘেরে বৈদ্যুতিক মোটরের সাহায্যে পানি দিচ্ছিলেন অলিউল। এ সময় মোটরের বৈদ্যুতিক তারের একটি খোলা জায়গায় তার হাত লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা তাকে ঘেরের পানিতে মৃত অবস্থায় ভাসতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করেন।’’
আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।
কেকে/এসএ