নড়াইল জেলা হাসপাতাল পরিদর্শন করেছেন নড়াইল-১ আসনের সাংসদ (এমপি) বিশ্বাস জাহাঙ্গীর আলম ও নড়াইল-২ আসনের সাংসদ মো. আতাউর রহমান।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর দুইটার দিকে তারা হঠাৎ হাসপাতালতে পরিদর্শনে যান।
দুই সাংসদ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং ভর্তি রোগীদের খোঁজখবর নেন। এ সময় তারা রোগীদের চিকিৎসা সেবা, ওষুধ সরবরাহ ও হাসপাতালের সার্বিক পরিবেশ সম্পর্কে সরাসরি তথ্য নেন।
বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, ‘হাসপাতালের বিদ্যমান সমস্যাগুলো সমাধানের জন্য আমরা দুই এমপি একসাথে সমন্বিতভাবে কাজ করছি। ইতোমধ্যে হাসপাতালের বিভিন্ন সীমাবদ্ধতা চিহ্নিত করে সেগুলো ধাপে ধাপে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।’
‘কীভাবে হাসপাতালের সেবার মান আরও উন্নত করা যায়, রোগীরা যেন দ্রুত ও মানসম্মত চিকিৎসা পায় এবং চিকিৎসা ব্যবস্থাপনায় কোনো ধরনের ভোগান্তি না থাকে সেসব বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা আন্তরিকভাবে কাজ চালিয়ে যাচ্ছি। ভবিষ্যতে নড়াইল জেলা হাসপাতালকে একটি আধুনিক ও সেবামুখী প্রতিষ্ঠানে রূপান্তর করাই আমাদের লক্ষ্য।’
মো. আতাউর রহমান বলেন, ‘হাসপাতালে ডাক্তার ও স্টাফ সংকট দীর্ঘদিনের সমস্যা। আমরা ইতোমধ্যে বিষয়টি নিয়ে কাজ শুরু করেছি। আমি বড় ভাই বিশ্বাস জাহাঙ্গীর আলম স্বাস্থ্য মন্ত্রীর সাথে কথা বলেছি। তিনি আমাদের এই সংকট নিরসনের আশ্বাস দিয়েছেন।’
‘নড়াইলে দীর্ঘদিন ধরে ২৫০ শয্যার একটি হাসপাতাল ভবন প্রস্তুত থাকা সত্ত্বেও জনবল সংকটের কারণে তা চালু করা সম্ভব হচ্ছে না। তবে স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ সমস্যার দ্রুত সমাধানে সর্বোচ্চ সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন।’
এ সময় উপস্থিত ছিলেন জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আব্দুল গাফ্ফার, উপজেলা জামায়াতের আমির আব্দুল্লাহ আল আমিন, নড়াইল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. তারিকুজ্জামান লিটু প্রমুখ।
কেকে/এমএ