ঠাকুরগাঁও সুগার মিলে তিন দফা দাবিতে ঠাকুরগাঁও সুগার মিলস শ্রমিক কর্মচারী ইউনিয়নের আয়োজনে ফটক সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৫ এপ্রিল) দুপুরে মিলগেট চত্বরে এই ফটক সভাটি অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শ্রমিকরা।
ঠাকুরগাঁও সুগার মিলস শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি ও বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ঠাকুরগাঁও সুগার মিলস শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ খান রতন, সহ-সাধারণ সম্পাদক রুহুল আমিন প্রমুখ।
ফটক সভায় বক্তারা দক্ষ জনবল তৈরির স্বার্থে মৌসুমি জনবল থেকে যোগ্যতার ভিত্তিতে পূর্বের ন্যায় অভ্যন্তরীণভাবে স্থায়ী পদে সমন্বয় করা, পদোন্নতি দিয়ে দক্ষ জনবল তৈরি করা এবং মজুরি কমিশনের শ্রমিকদেরও অবিলম্বে বিশেষ সুবিধার ১৫ শতাংশ টাকা প্রদানের দাবি জানান।
ফটক সভায় বক্তারা জানান, চিনি শিল্পকে বাঁচিয়ে রাখতে হলে শ্রমিকদের সুরক্ষা প্রয়োজন। তাই আগামী ১০ দিনের মধ্যে এই তিন দফা দাবি মানা না হলে তারা বৃহত্তর আন্দোলনের দিকে যাবেন।
কেকে/এসএ