চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার শিকিরচর গ্রামে খেলার মাঠ দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে এবং যে কোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা দেখা দিয়েছে। মাটি পুনরুদ্ধারের জন্য শিকিরচর গ্রামের বাসিন্দা মো. আবু সাঈদ বেপারী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ৫ বছর আগে স্থানীয় জনগণের সম্মতিক্রমে শিকিরচর মেঘনা নদীর পাড়ে একটি খেলার মাঠ গড়ে তোলা হয়। মাঠটি দীর্ঘদিন ধরে এলাকার সাংস্কৃতিক, সামাজিক অনুষ্ঠান এবং শিশু-কিশোরদের খেলাধুলার জন্য ব্যবহৃত হয়ে আসছে।
আবু সাঈদ বেপারী বলেন, ‘এই মাঠটা আমাদের গ্রামের সকল মানুষের। এখানে আমরা ঈদ, মিলাদ, ক্রীড়া অনুষ্ঠানসহ নানা সামাজিক কার্যক্রম করে আসছি। কিন্তু হঠাৎ করে প্রতিপক্ষ জোরপূর্বক মাঠ দখলের চেষ্টা করছে, যা অত্যন্ত দুঃখজনক।’
তিনি জানান, রোববার (৫ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত মো. নান্নু প্রধান অজ্ঞাতনামা ৫-৬ জন লোক নিয়ে মাঠের চারপাশে বাঁশ ও কাঠ দিয়ে ঘেরাও করার চেষ্টা করেন। এ সময় এলাকাবাসী বাধা দিলে তাদের হুমকি-ধমকি দেওয়া হয়।
একাধিক বাসিন্দা জানান, এই মাঠটি তাদের গ্রামের একমাত্র খেলার জায়গা। এটি দখল হয়ে গেলে তাদের সন্তানদের খেলাধুলা ও সামাজিক কার্যক্রম বন্ধ হয়ে যাবে। তারা চান প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক।
এলাকাবাসীর আশঙ্কা, এ ঘটনাকে কেন্দ্র করে যে কোনো সময় সংঘর্ষের ঘটনা ঘটতে পারে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে।
অভিযোগকারী ও এলাকাবাসী বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
সামাজিকভাবে ব্যবহৃত এই মাঠটি রক্ষা করতে প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করেন তারা।
এ বিষয়ে অভিযুক্ত মো. নান্নু প্রধানের বক্তব্য জানা সম্ভব হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় বলছে, ‘খেলার মাঠ দখলের বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ইতোমধ্যে সংশ্লিষ্টদের ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত করে যদি অভিযোগের সত্যতা পাওয়া যায়, তাহলে দখল চেষ্টাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে এলাকাবাসীর ব্যবহৃত খেলার মাঠ যেন সুরক্ষিত থাকে, সে বিষয়ে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’
কেকে/এমএ