পিরোজপুরের কাউখালী উপজেলায় উফশি জাতের আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের উদ্যোগে চলতি অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা হিসেবে এই বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন।
প্রধান অতিথি আব্দুল্লাহ আল মামুন বলেন, “কৃষকদের মাঝে যে কৃষি প্রণোদনা বিতরণ করা হচ্ছে, তা সঠিকভাবে ব্যবহার করতে হবে। এগুলো সঠিকভাবে ব্যবহার হচ্ছে কি না তা তদারকি করার জন্য আমাদের বিশেষ মনিটরিং টিম আছে। তারা সমস্ত কার্যক্রম দেখভাল করবে। এছাড়া, বর্তমানে কৃষকদের পাম্পে ডিজেল পেতে কিছুটা সমস্যা হচ্ছে। তাই কৃষকদের সহজে তেল পেতে প্রত্যায়ন প্রদান করা হবে। প্রত্যায়নপত্র দেখিয়ে তারা বাজারের এজেন্ট পয়েন্ট বা পাম্প থেকে তেল নিতে পারবে।”
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৩ হাজার কৃষকের প্রত্যেককে ৫ কেজি করে উফশি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হবে।
বীজ ও সার বিতরণের সময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার হালদার, উপজেলার পাঁচটি ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা এবং উপকারভোগী কৃষকরা।
কেকে/এলএ