রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে জেলের জালে ধরা পরা দুই কাতল বিক্রি হয়েছে ৯৬ হাজার টাকায়। সারে ২৮ কেজি ও ১৮ কেজি ওজনের কাতল দুটি পরিবারের জন্য কিনে নেন কুষ্টিয়া এলাকার একজন সিঙ্গাপুর প্রবাসী।
শুক্রবার (১৭ এপ্রিল) সকালে দৌলতদিয়া টার্মনাল মাছ বাজারে রেজাউল মন্ডল ও আনু খার মৎস আড়ত থেকে নিলামে মাছ দুটি কিনে নেন মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ।
সম্রাট শাহজাহান বলেন, শুক্রবার রাতে জেলে এরশাদ হালদার ও জীবন হালদার ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে একজন পদ্মা অন্যজন যমুনা নদীর মোহনায় পৃথক স্থানে জাল ফেলেন। ভোরের দিকে জাল টেনে তারা দেখেন তাদের দুজনের জালেই একটি করে বিশাল আকৃতির কাতল মাছ ধরা পড়েছে। সকালে মাছ দুটি তারা বিক্রির জন্য আড়তে নিয়ে এলে উন্মুক্ত নিলামে উঠে। এতে অংশ নিয়ে সাড়ে ২৮ কেজি ওজনের কাতলটি ২২শ টাকা কেজি দরে মোট ৬২ হাজার ৭০০ টাকা এবং ১৮ কেজির কাতলটি ১৬শ টাকা কেজি দরে ২৮ হাজার ৮০০ সহ মোট ৯১ হাজার ৫০০ টাকা দিয়ে কিনে নেই।
শাহজাহান জানান, মাছ দুটি বিক্রির জন্য তিনি তার ফেসবুক আইডিতে ছবি ও ভিডিও শেয়ার করলে সিঙ্গাপুর প্রবাসী কুষ্টিয়ার এক বাসিন্দা মাছ দুটি কেনার বিষয়ে আগ্রহ দেখান। পরে কেজি প্রতি ১শ টাকা লাভে ৯৬ হাজার ১শ টাকায় মাছ দুটি তার কাছে বিক্রি করে কুষ্টিয়ায় তার বাড়ির ঠিকানায় পাঠিয়ে দেন।
এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, ৯৬ হাজার টাকায় পদ্মা নদীর দুটি কাতল মাছ বিক্রির কোনো খবর আমার জানা নেই। তবে এ এলাকায় মাঝে মধ্যেই জেলেদের জালে বিভিন্ন প্রকারের বড় বড় মাছ ধরা পড়ছে। মাছগুলো শিকার করে জেলে ও ব্যবসায়ীরা লাভবান হচ্ছেন।
কেকে/ এমএস