গতিশীল প্রজন্ম ও দক্ষ মানবসম্পদ তৈরিতে শিক্ষার মান উন্নয়নের বিকল্প নেই উল্লেখ করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, “শিক্ষকদের জীবনযাত্রার মান ও শিক্ষার পরিবেশ উন্নত করতে প্রয়োজনে তাদের বেতন দ্বিগুণ করার পরিকল্পনা করছে বর্তমান সরকার।”
শনিবার (২৫ এপ্রিল) মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার কাজী সালিমা হক মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, “আমাদের সরকারের অন্যতম অগ্রাধিকার হলো শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক এবং শিক্ষার্থীদের সম্মান ও মানকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া। পচা-গলা শিক্ষা ব্যবস্থা থেকে জাতিকে উদ্ধার করতে আমরা নিরলসভাবে কাজ করছি। শিক্ষা ও সংস্কৃতি মন্ত্রণালয়ের যৌথ কমিটির বৈঠকে শিক্ষামন্ত্রীর সঙ্গে আমার বিস্তারিত আলোচনা হয়েছে। শিক্ষার মানোন্নয়নে যা যা করণীয়, সরকার তার সবটুকুই করবে।”
বিগত সরকারের সমালোচনা করে অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, “বিগত ১৮ বছর ছিল একটি অন্ধকার যুগ। ফ্যাসিস্ট শক্তি দেশটাকে দানবীয় কায়দায় শাসন করেছে এবং সুপরিকল্পিতভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। তৎকালীন শিক্ষামন্ত্রী দীপু মনি নির্দেশ দিতেন খাতায় কিছু না লিখলেও ৯৮ শতাংশ পাস করাতে হবে। এটি ছিল জাতি ধ্বংসের একটি গভীর চক্রান্ত।”
শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক বিকাশের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী জানান, সারাদেশের উপজেলা পর্যায়ের শিল্পকলা একাডেমি, পাবলিক লাইব্রেরি ও গণগ্রন্থাগারগুলোর আধুনিকায়ন ও ব্যাপক উন্নয়ন সাধন করা হবে।
কাজী সালিমা হক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম ইউনুস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক আলী আহমেদ, মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহ. শাহনুর জামান এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট খাঁন রোকনুজ্জামান।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মতিউর রহমান, অধ্যক্ষ মৈমূর আলী মৃধা, ওসি (তদন্ত) আবুল খায়ের, মিজানুর রহমান কাবুল এবং মো. জিয়াউল হক বাচ্চু প্রমুখ। আলোচনা সভা শেষে মন্ত্রী বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
কেকে/এজে