তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজ পেপার প্রেস ওয়ার্কার্সের একটি প্রতিনিধিদল।
সোমবার (২৭ এপ্রিল) মন্ত্রণালয়ে এ সাক্ষাৎপর্ব অনুষ্ঠিত হয়।
এ সময় সংগঠন দুইটির নেতৃবৃন্দ তথ্যমন্ত্রীর কাছে বিভিন্ন ধরনের দাবি-দাওয়া পেশ করেন।
প্রতিনিধি দল নবম ওয়েজ বোর্ড যথাযথভাবে বাস্তবায়নের পাশাপাশি দশম ওয়েজ বোর্ড ঘোষণা, সংবাদপত্র কর্মচারী ও প্রেস শ্রমিকদের জন্য কল্যাণ ট্রাস্ট গঠন, সংবাদপত্র শিল্পের নীতিমালা প্রণয়ন, বকেয়া পাওনা পরিশোধ ও সংবাদপত্র শিল্পে শ্রম আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার জন্য তথ্যমন্ত্রীর কাছে দাবি জানান।
তথ্যমন্ত্রী মনোযোগ দিয়ে তাদের দাবি-দাওয়া শোনেন এবং সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দেন।
বৈঠকে বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের সভাপতি মো. মতিউর রহমান তালুকদার, মহাসচিব মো. খায়রুল ইসলাম এবং বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজ পেপার প্রেস ওয়ার্কার্সের সভাপতি মো. আলমগীর হোসেন খান ও মহাসচিব মো. মোশতাক আহমদ উপস্থিত ছিলেন।
কেকে/এমএ