বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
দেশজুড়ে
মহম্মদপুরে লাখ টাকার সরকারি ওষুধ পুড়িয়ে ধ্বংসের অভিযোগ
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৩:৩০ পিএম আপডেট: ২৯.০৪.২০২৬ ৩:৩৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মাগুরার মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে রাতের অন্ধকারে গোপনে সরকারি ওষুধ পুড়িয়ে ফেলার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। হাসপাতালের পেছনের জঙ্গলে ফেলে রাখা লাখ লাখ টাকা মূল্যের দামী অ্যান্টিবায়োটিকসহ বিভিন্ন জীবনরক্ষাকারী ওষুধ পুড়িয়ে নষ্ট করার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সরেজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতালের পেছনের একটি নির্জন অংশে জঙ্গলের ভেতর বিপুল পরিমাণ সরকারি ওষুধের অবশিষ্টাংশ পড়ে আছে, যার মধ্যে বেশিরভাগই দামী অ্যান্টিবায়োটিক ও জরুরি ওষুধ।

অভিযোগ রয়েছে, ওষুধগুলো মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়ায় সাধারণ রোগীদের না দিয়ে এভাবে গোপনে পুড়িয়ে ফেলা হচ্ছে। পুড়তে থাকা ওষুধের পাতা ও বোতলের অবশিষ্টাংশ থেকে নির্গত ধোঁয়ায় হাসপাতালের পরিবেশ ও সংলগ্ন এলাকার জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে।

স্থানীয়রা জানান, কাঁচের বোতলে থাকা তরল ওষুধ পোড়ানোর সময় বিকট শব্দে তা ফেটে যেতে শুরু করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নাম প্রকাশে অনিচ্ছুক এক বৃদ্ধা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা হাসপাতালে আসলে ঠিকমতো ওষুধ পাই না। ডাক্তাররা চিরকুটে লিখে বাইরে থেকে ওষুধ কিনে নিতে বলেন। অথচ এখানে দামী দামী ওষুধগুলো মানুষকে না দিয়ে জমিয়ে রেখে নষ্ট করা হচ্ছে।”

স্থানীয় যুবকদের অভিযোগ, হাসপাতালের একশ্রেণির কর্মকর্তা-কর্মচারী ও চিকিৎসক ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে নিয়মিত ‘মাসোয়ারা’ গ্রহণ করেন। ফলে সরকারি বিনামূল্যের ওষুধ রোগীদের না দিয়ে সুকৌশলে বাইরের ফার্মেসি থেকে ওষুধ কেনার পরামর্শ দেওয়া হয়। এই যোগসাজশের কারণেই সরকারি ওষুধের মজুদ পড়ে থেকে মেয়াদোত্তীর্ণ হচ্ছে এবং প্রমাণ নষ্ট করতে তা পুড়িয়ে ফেলা হচ্ছে।

বিষয়টি নিয়ে প্রেসক্লাব সভাপতি মো. আজিজুর রহমান টুটুল বলেন, “সরকারের কোটি কোটি টাকার সম্পদ এভাবে রাতের অন্ধকারে পুড়িয়ে ফেলা শাস্তিযোগ্য অপরাধ। যদি ওষুধের মেয়াদ শেষ হওয়ার উপক্রম হতো, তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে অন্য কোনো হাসপাতালে তা স্থানান্তর করা যেত। কিন্তু তা না করে ওষুধগুলো স্টক করে রেখে সাধারণ রোগীদের বঞ্চিত করা হয়েছে এবং এখন প্রমাণ লোপাটের অপচেষ্টা চলছে।”

যোগাযোগ করা হলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ওষুধ পুড়িয়ে ফেলার প্রক্রিয়াটিকে ‘অন্যায়’ বলে স্বীকার করেন। তবে তিনি দাবি করেন, রোগীদের নিয়মিত ওষুধ সরবরাহ করা হয়।

অন্যদিকে, মাগুরার সিভিল সার্জন জানান, মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ পোড়ানোর বিষয়ে তাকে আগে থেকে কিছুই জানানো হয়নি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সরকারি সম্পদ নষ্ট এবং রোগীদের মৌলিক অধিকার ক্ষুণ্ণ করার পেছনে দায়ীদের বিরুদ্ধে দ্রুত বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন মহম্মদপুরের সচেতন নাগরিক সমাজ।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:   সরকারি   ওষুধ   পুড়িয়ে ধ্বংস   অভিযোগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close