মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া বাজারে চায়ের দোকানের আড়ালে গড়ে ওঠা একটি বড় জুয়ার আসরে অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৪ মে) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
আটককৃতরা সবাই মহম্মদপুর উপজেলার বালিদিয়া গ্রামের বাসিন্দা। তারা হলেন ইরান আলী (৩৫), জামাল মিয়া (৩০), রাজ্জাক বিশ্বাস (২৮), জিনজির মিয়া (৪৫), এরশাদ শেখ (৩০), রাজ্জাক মোল্যা (৩৫), মানিক মিয়া (৩২), মতিয়ার রহমান (৪৫), সালাউদ্দিন মোল্যা (১৮), রাজ্জাক মিয়া (৩৭), তবিবার (৪০), আরব আলী (২৮), ওহাব মৃধা (৪৫), বিল্লাল হোসেন (৩০), সাগর মিয়া (১৮) ও এরশাদ মোল্যা (২২)।
জানা গেছে, বালিদিয়া বাজারের কামাল হোসেনের চায়ের দোকানে দীর্ঘদিন ধরে অত্যন্ত গোপনে জুয়ার আসর বসছিল। সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে মহম্মদপুর থানা পুলিশ সেখানে ঝটিকা অভিযান চালায়। অভিযানে তাস নিয়ে জুয়া খেলা অবস্থায় হাতেনাতে ১৬ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও বিপুল পরিমাণ জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুজ্জামান বলেন, ‘মাদক ও জুয়ামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে পুলিশ কাজ করে যাচ্ছে। সামাজিক এই ব্যাধি দমনে পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর।’
তিনি জানান, মঙ্গলবার (৫ মে) সকালে গ্রেপ্তারকৃতদের যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে পাঠানো হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।
কেকে/এমএ