মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দুইটি গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৮ মে) পৃথক অনুষ্ঠানে এ দুই কাজের উদ্বোধন করেন মানিকগঞ্জ-২ আসনের সাংসদ মঈনুল ইসলাম খান শান্ত।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, ২০২৫-২০২৬ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় সড়ক দুইটি নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে ধল্লা ইউনিয়নের গাজিন্দা এলাকার হাবিবুরের বাড়ি হতে খাসের চর আনোয়ারের বাড়ি পর্যন্ত এইচবিবি রাস্তা নির্মাণ করা হবে। প্রায় ৫০০ মিটার দৈর্ঘ্যের এই সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৩৮ লাখ ৫৭ হাজার টাকা।
অপরদিকে চান্দহর ইউনিয়নের চাকপালপাড়া রাস্তা হতে ইসলামপুর আবুলের বাড়ি পর্যন্ত আরও একটি এইচবিবি সড়ক নির্মাণ করা হবে। এক হাজার মিটার দৈর্ঘ্যের এ সড়কের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৭৬ লাখ ১ হাজার ৫৩ টাকা।
অনুষ্ঠানে মঈনুল ইসলাম খান বলেন, “গ্রামীণ সড়ক উন্নয়ন বর্তমান সরকারের অগ্রাধিকারের একটি গুরুত্বপূর্ণ অংশ। যোগাযোগ ব্যবস্থা ভালো হলে এলাকার কৃষি, শিক্ষা ও ব্যবসায়-বাণিজ্যের উন্নয়ন হয়। এই সড়ক দুইটি নির্মাণের মাধ্যমে স্থানীয় মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে। ভবিষ্যতেও সিংগাইরের উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করা হবে।”
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার পপি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহাদি হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আমজাদ হোসেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তানভির সরদার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি তারিকুর রহমান আলাল প্রমুখ উপস্থিত ছিলেন।
কেকে/এমএ