স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশে একটি হতাশাগ্রস্ত গোষ্ঠী আছে, তারা সারাক্ষণ হতাশ হয়ে যায়। তারা এই সমাজকে অস্থির করে রাখতে চায়।’
শুক্রবার (৮ মে) বেলা ১১টায় নওগাঁর আত্রাই উপজেলার পতিসরে অনুষ্ঠিত রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে সভায় মির্জা ফখরুল আরও বলেন, ‘বাংলাদেশের রাজনীতি পরিষ্কার নয়। দেশের মানুষ বার বার পরিবর্তনের জন্য যুদ্ধ করেছে-লড়াই করেছে। কিন্তু কোন পরিবর্তন আসেনি। ১৯৭১ সালের যুদ্ধে আমাদের যে সক্রিয়তা ও পরিচয় আমরা বাংলাদেশি সবার আগে মনে রাখতে হবে। আমরা এমনি এমনি স্বাধীনতা পাইনি। ৯ মাস যুদ্ধ করে স্বাধীনতা নিয়ে আসতে হয়েছে। আবার গণতন্ত্র লড়াই করে ফিরিয়ে আনতে হয়েছে। আমরা হানাদার বাহিনী ও আধিপত্যবাদের বিরুদ্ধে।’
তিনি বলেন, ‘রবীন্দ্রনাথ এই অঞ্চলে তার জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলন। কৃষকদের দুঃখ-দুর্দশা দেখে কৃষি ব্যাংক করেছিলেন। কৃষিকে আধুনিক করার জন্য কলের লাঙ্গল নিয়ে এসে কৃষি কাজ শুরু করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ব মানবতার কবি। তার কবিতা-সাহিত্যের মধ্য দিয়ে জীবন সাজাতে হবে। নাটক ও গানসহ সবক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের অবাধ বিচরণ ছিলো। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের মধ্য দিয়ে গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিলেন তিনি।’
রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদের সভাপতিত্বে সভায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, হুইপ এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নওগাঁ-৬ আসনের সাংসদ রেজাউল ইসলাম রেজু, নওগাঁ-৫ আসনের সাংসদ জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ-১ আসনের সাংসদ মোস্তাফিজুর রহমান, নওগাঁ-৩ আসনের সাংসদ ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ আসনের সাংসদ ইকরামুল বারী টিপু, নওগাঁ-১ আসনের সাংসদ এনামুল হক, সাবেক রাষ্ট্রদূত এম. মুশফিকুল ফজল আনসারী, রাজশাহী উপ-মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান, নওগাঁ জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক, নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
পরে ঢাকা ও স্থানীয় শিল্পরা আবৃত্তি, গান, নৃত্য পরিবেশন করেন।
কে/এমএ