বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
দেশজুড়ে
কাউখালীতে ‘ভুল সেট কোডে’ এসএসসির পরীক্ষা গ্রহণ
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ২:২৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পিরোজপুরের কাউখালী উপজেলায় সরকারি গান্ডতা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসির ফিন্যান্স ও ব্যাংকিং পরীক্ষায় ভুল সেট কোডের প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণের অভিযোগ উঠেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার (১০ মে) সকাল ৯টায় বরিশাল শিক্ষা বোর্ড থেকে ফিন্যান্স ও ব্যাংকিং পরীক্ষা ‘১ নম্বর সেট’ প্রশ্নপত্রে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। বোর্ডের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট ট্যাগ অফিসারের কেন্দ্রে নির্ধারিত সেটের প্রশ্নপত্র সরবরাহ করার কথা ছিল।

কিন্তু সরকারি গান্ডতা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বে থাকা ট্যাগ অফিসার ও কেন্দ্র সচিব বিষয়টি যথাযথভাবে যাচাই না করেই ‘৩ নম্বর সেট’ প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণ করেন। পরীক্ষার্থীরা সেই প্রশ্নপত্রেই পরীক্ষা সম্পন্ন করে।

পরীক্ষা শেষে অন্য কেন্দ্রের শিক্ষার্থীদের সঙ্গে প্রশ্ন মিলিয়ে দেখার সময় বিষয়টি জানাজানি হয়। এরপর থেকেই কেন্দ্রের ৩২ জন শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

পরীক্ষার্থী সুমাইয়া আক্তার ও হুরায়রা আক্তার বলেন, “আমরা পরীক্ষা শেষ করে বাইরে গিয়ে অন্য স্কুলের পরীক্ষার্থীদের সঙ্গে প্রশ্ন মিলিয়ে বুঝতে পারি, আমাদের সেট আলাদা ছিল। এরপর থেকেই দুশ্চিন্তায় আছি, ফলাফলে কোনো সমস্যা হবে কি না।”

সরকারি গান্ডতা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কেন্দ্রের এক পরীক্ষার্থীর অভিভাবক মো. নান্না মিয়া বলেন, “আমার মেয়ে সরকারি গান্ডতা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে চলতি এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। তার ফিন্যান্স ও ব্যাংকিং পরীক্ষা ৩ নম্বর সেট কোডের প্রশ্নপত্রে নেওয়া হয়েছে। পরে জানতে পারি, বোর্ড থেকে ১ নম্বর সেট কোডের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার জন্য বলা হয়েছিল। কিন্তু সেখানে আলাদা সেট কোডে পরীক্ষা হওয়ায় আমরা উদ্বিগ্ন হয়ে পড়েছি। বিষয়টি দ্রুত সমাধান করা না হলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা থেকেই যাবে।”

এ ব্যাপারে ওই কেন্দ্রের সচিব ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম জানান, বোর্ডের নির্দেশনা অনুযায়ী ফিন্যান্স ও ব্যাংকিং পরীক্ষা ‘১ নম্বর সেটে’ নেওয়ার কথা ছিল। কিন্তু ভুলবশত ‘৩ নম্বর সেটে’ পরীক্ষা নেওয়া হয়েছে। বিষয়টি ইউএনও এবং বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রককে জানানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, বিষয়টি অবগত হওয়ার পর বরিশাল শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। তারা বলেছেন, এতে পরীক্ষার্থীদের কোনো ক্ষতি হবে না। যে প্রশ্নে পরীক্ষা হয়েছে, ওই প্রশ্নেই খাতা মূল্যায়ন করা হবে। পরীক্ষা কেন্দ্রের সচিবকে অব্যাহতি দেওয়া হয়েছে। আর যারা দায়িত্বে অবহেলা করেছেন, তাদের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জি এম শহীদুল ইসলাম বলেন, “ঘটনাটি জানার পর পরীক্ষা-সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। যেহেতু পরীক্ষা সম্পন্ন হয়েছে, তাই ওই কেন্দ্রের ফিন্যান্স ও ব্যাংকিং পরীক্ষাটি সংশ্লিষ্ট প্রশ্নের আলোকে মূল্যায়ন করা হবে। এর ফলে শিক্ষার্থীদের ফলাফলে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। তাদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। যারা দায়িত্বে অবহেলা করেছেন, তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  এসএসসি পরীক্ষা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close