সিলেট রেঞ্জের নবাগত উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) ড. মো. জিল্লুর রহমানের নির্দেশে বিয়ানীবাজার থানা পুলিশ বিশেষ চেকপোস্ট ও সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে।
রোববার (১১ মে) দুপুরের পর পৌরশহরের সুপাতলাসহ একাধিক পয়েন্টে পরিচালিত এ অভিযানে ব্যাপক সাড়া পড়ে।
সূত্র জানায়, পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধিতে ডিআইজি এ নির্দেশনা দেন। তার এ নির্দেশনাকে ‘ফোর্স মোবিলাইজেশন ড্রিল’ এবং বিশেষ চেকপোস্ট কার্যক্রম হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এর অংশ হিসেবে অন্যান্য থানার মতো বিয়ানীবাজার থানার ৭৫ শতাংশ পুলিশ সদস্য একযোগে মাদক উদ্ধার, অবৈধ অস্ত্র উদ্ধার, চোরাচালান প্রতিরোধ, আসামি গ্রেপ্তার, বাড়ি তল্লাশি, রেলওয়ে স্টেশন ও বাসস্ট্যান্ডে তল্লাশি, ওয়ারেন্ট তামিলসহ আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন।
পুলিশ জানায়, এ ফোর্স মোবিলাইজেশন ড্রিল আইনশৃঙ্খলা রক্ষায় অব্যাহত থাকবে।
এদিকে বিয়ানীবাজার থানা পুলিশের এ ব্যাপক অভিযানে স্থানীয় জনমনে আশার সঞ্চার হয়েছে। তারা পুলিশের এ তৎপরতাকে স্বাগত জানিয়েছেন।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক জানান, সিলেট রেঞ্জের নবাগত উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মহোদয়ের নির্দেশে থানা পুলিশ এ অভিযান পরিচালনা করছে। জনমনে সৃষ্ট সব ধরনের ভীতি দূর করতে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।
কেকে/এলএ