শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের ভয়াবহ যানজটের কারণে সময়মতো হাসপাতালে পৌঁছাতে না পেরে আমিনুল ইসলাম (৪৮) নামে শ্বাসকষ্টের রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
মৃত আমিনুল ইসলাম উপজেলার গুজাকুড়া গ্রামের মো. আবদুল রউফের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে হঠাৎ আমিনুল ইসলামের শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ভ্যানগাড়ি করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হচ্ছিল। কিন্তু পথে নালিতাবাড়ী পৌর শহরের আড়াইআনী এলাকা থেকে তারাগঞ্জ উত্তর বাজার পর্যন্ত দীর্ঘ যানজটে আটকে পড়ে ভ্যানগাড়ি। দীর্ঘ সময় যানজটে আটকে থাকার কারণে দ্রুত হাসপাতালে পৌঁছানো সম্ভব হয়নি। একপর্যায়ে চিকিৎসা পাওয়ার আগেই ভ্যানগাড়িতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন আমিনুল ইসলাম।
পরিবারের সদস্যদের অভিযোগ, সময়মতো হাসপাতালে পৌঁছানো গেলে হয়তো আমিনুল ইসলামের জীবন রক্ষা করা সম্ভব হতো।
স্থানীয়দের দাবি, নালিতাবাড়ী শহরে প্রতিদিনই তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। বিশেষ করে বাজার এলাকা ও প্রধান সড়কগুলোতে অবৈধ পার্কিং, অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচল ও ট্রাফিক ব্যবস্থাপনার দুর্বলতার কারণে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। এতে জরুরি রোগী পরিবহনও বাধাগ্রস্ত হচ্ছে।
এ মর্মান্তিক ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
সচেতন মহল বলছে, ‘দ্রুত কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা ও যানজট নিরসনে উদ্যোগ না নিলে ভবিষ্যতে আরও প্রাণহানির ঘটনা ঘটতে পারে।’
কেকে/এমএ