বরিশালের গৌরনদী উপজেলায় ভ্যানচালক মঞ্জু বেপারী (৫০) হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।
শুক্রবার (১৫ মে) সকাল ১০টার দিকে উপজেলার কাসেমাবাদ বাসস্ট্যান্ড এলাকায় ‘কাসেমাবাদ-হরিসেনা বাসী’ ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এতে শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে প্রশাসনের আশ্বাসে প্রায় ৩০ মিনিট পর অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা।
বিক্ষোভে অংশ নেওয়া গ্রামবাসীরা অভিযোগ করেন, ঘটনার প্রায় পাঁচ মাস পেরিয়ে গেলেও এখনো হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এতে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে।
তারা দ্রুত সময়ের মধ্যে খুনিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
স্থানীয় বাসিন্দা ও শিক্ষক হুমায়ুন কবির বলেন, “প্রশাসন দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ায় আমরা আপাতত কর্মসূচি স্থগিত করেছি। তবে অচিরেই দৃশ্যমান অগ্রগতি না হলে আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।”
উল্লেখ্য, গত ১০ জানুয়ারি রাত সাড়ে ১১টার দিকে কাসেমাবাদ এলাকার বাসিন্দা মঞ্জু বেপারী বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হন। স্থানীয় একটি নির্জন সড়কে তার পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। তবে এখনো পর্যন্ত মামলার কোনো অগ্রগতি না হওয়ায় ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর মধ্যে।
কেকে/এমএ