মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত ব্যক্তিদের পরিবারের মাঝে আর্থিক অনুদান দিয়েছে সাত্তার ফাউন্ডেশন।
শুক্রবার (১৫ মে) বিকালে ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সাত্তার মেটাল ইন্ডাস্ট্রিজের মালিক শিল্পপতি আব্দুস সাত্তার খান প্রত্যেকের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের হাতে এ অনুদান তুলে দেন। তাকে কাছে পেয়ে উপকারভোগীরা আবেগাপ্লুত হয়ে পড়েন।
এ সময় উপস্থিত ছিলেন সিঙ্গাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম, জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিরু, মানিকগঞ্জ সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. সাইফুল ইসলাম প্রমুখ।
অনুদানপ্রাপ্তরা হলেন উপজেলার মানিকনগর গ্রামের মো. আলমাছ, মো. ইয়াকুব আলী, মো. আব্দুল হক, মো. রহমান বেপারী, মো. জাকির হোসাইন ও আব্দুর রশিদ বেপারী।
জানা গেছে, মাস খানেক আগে মানিকনগর গ্রামের কয়েকজন গবাদিপশু ব্যবসায়ী রংপুর যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন। এ ঘটনায় নিহত একজনের পরিবার ও আহত ছয়টি পরিবারের মাঝে নগদ এক লাখ টাকা করে অনুদান দেওয়া হয়। এছাড়াও সিঙ্গাইর থানার সামনে চা বিক্রেতা সাথী বেগমের অসুস্থ স্বামীর চিকিৎসার জন্য সাত্তার ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ ৫০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়।
স্থানীয়দের কাছে আব্দুস সাত্তার খান একজন মানবিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তিনি নিজস্ব অর্থায়নে উপজেলার শতাধিক এতিমখানা, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। এছাড়া তার বাবা-মা ও দাদার নামে প্রতিষ্ঠিত মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার কার্যক্রমও দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছে।
এ বিষয়ে আব্দুস সাত্তার খান বলেন, “মানুষ মানুষের জন্য। সমাজের অসহায়, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। মানিকনগরের যেসব পরিবার সড়ক দুর্ঘটনায় স্বজন হারিয়েছে বা আহত হয়েছে, তাদের কষ্ট কিছুটা লাঘবের উদ্দেশ্যে সাত্তার ফাউন্ডেশনের পক্ষ থেকে এই সামান্য সহযোগিতা করা হয়েছে। আমি বিশ্বাস করি, সমাজের বিত্তবানরা এগিয়ে এলে অসহায় মানুষ নতুনভাবে বাঁচার সাহস পাবে।”
কেকে/এমএ