গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ভূমিসেবা মেলা উদ্বোধন হয়েছে। কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা ভূমি অফিসের প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা নির্বাহী অফিসার তামান্না তাসনীম ও সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদুল হক মেলার উদ্বোধন করেন।
পরে উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ভূমি সেবাকে আরও সহজ, দ্রুত ও জনগণবান্ধব করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, ‘ডিজিটাল ভূমি সেবার মাধ্যমে জনগণের ভোগান্তি কমিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হচ্ছে।’
মেলায় সাধারণ মানুষের জন্য নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর, অনলাইনে ভূমি সেবা গ্রহণসহ বিভিন্ন বিষয়ে তথ্য ও সেবা দেওয় হচ্ছে। পাশাপাশি ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে সচেতনতামূলক পরামর্শও দেওয়া হয়।
অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সেবাগ্রহীতাদের সঙ্গে মতবিনিময় করেন।
কেকে/এমএ