জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও ডিজিটালাইজড ভূমিসেবা পৌঁছে দেওয়া এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’।
মঙ্গলবার (১৯ মে) উপজেলা ভূমি অফিসের উদ্যোগে শুরু হওয়া এ মেলা চলবে আগামী ২১ মে পর্যন্ত।
সকাল ১০টায় উপজেলা পরিষদের প্রাঙ্গণে মেলার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে পরিষদের মিলনায়তনে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার পপির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ-২ আসনের সাংসদ মঈনুল ইসলাম খান শান্ত।
তিনি বলেন, “জমি সংক্রান্ত বিরোধের কারণে অনেক সময় ভাইয়ে ভাইয়ে বিরোধ ও মারামারির ঘটনাও ঘটে। ডিজিটাল ভূমিসেবার মাধ্যমে মানুষ তাদের প্রাপ্য অধিকার সহজে ও সঠিকভাবে পাবে। জমি সংক্রান্ত বিষয়গুলোতে অনেক মামলা-মোকদ্দমা হয়, তাই এ বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হচ্ছে।”
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন থানার পুলিশ পরিদর্শক মাজহারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মফতেজুর রহমান খান বিবেক, সাব-রেজিস্ট্রার মোছা. মাহমুদা খাতুন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিনুর রহমান সৌরভ, সেটেলমেন্ট অফিসার শান্তি চাকমা, সিংগাইর উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক মো. মোবারক হোসেন প্রমুখ।
মেলায় নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর, ই-নামজারি, অনলাইন ভূমিসেবা এবং অন্যান্য ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা বিষয়ে তথ্য ও পরামর্শ দেওয়া হচ্ছে।
কেকে/এমএ