নরসিংদীতে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, ‘জনগণের কাছে মিথ্যা তথ্য দিয়ে মাঠ গরম করার সুযোগ নেই।’
বুধবার (২০ মে) নরসিংদী আদালত চত্বরে আয়োজিত লিফলেট বিতরণ কর্মসূচিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এর আগে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে নেতা-কর্মীদের নিয়ে কর্মসূচি শুরু করেন তিনি।
খায়রুল কবির খোকন বলেন, ‘জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি। দলের ৪২২ জন নেতাকর্মী নিহত হয়েছেন। জুলাই সনদ নিয়ে মায়ের থেকে মাসির দরদ বেশি না। বিএনপি জুলাই অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে।’
তিনি বলেন, ‘জাতীয় সংসদে বিরোধী দলকে সর্বোচ্চ সম্মান দিতে চায় বিএনপি। ডেপুটি স্পিকারকে আহ্বান জানিয়ে বিরোধী দলকে সঙ্গে নিয়ে দেশের সব সমস্যার সমাধান করতে চায় দলটি। হরতাল-ধর্মঘটের রাজনীতি এখন আর গ্রহণযোগ্য নয়। সস্তা ইস্যু দিয়ে জনগণকে বিভ্রান্ত করার সুযোগ নেই।’
জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে তিনি আরও বলেন, ‘জুলাই প্রাণের দাবি, জনগণের দাবি। বিএনপি জুলাই বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যেই দলের পক্ষ থেকে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হচ্ছে।’
এ সময় তিনি এনসিপি ও জামায়াতের সমালোচনা করে বলেন, ‘যারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তারা বিভ্রান্তি না ছড়িয়ে যৌক্তিক আলোচনায় আসুক। বিএনপি আলোচনায় রাজি। অযৌক্তিক বিষয় নিয়ে বাড়াবাড়ি করলে জনগণ তা মেনে নেবে না।’
তিনি আরও বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা সহযোগিতা করেছে, তাদের সর্বোচ্চ সম্মান দেওয়া হবে। বিএনপি জনগণের কাছে দায়বদ্ধ। আমরা দিনের ভোট রাতে করিনি, তাই জনগণের কাছে আমাদের দায়বদ্ধতা রয়েছে।’
কর্মসূচিতে নরসিংদী-৩ শিবপুর আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, বিএনপির সহ-সভাপতি ভিপি খবিরুলসহ নরসিংদী শহর ও মাধবদী পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কেকে/ এমএস