নরসিংদীতে আদালতের স্থিতি অবস্থা অমান্য করে মিস্টিক ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কারখানার দেয়াল ভেঙে জমি দখলের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে নরসিংদী প্রেস ক্লাবের মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে রাজু মোল্লা নামের ব্যক্তির বিরুদ্ধে এ অভিযোগ করে কারখানা কর্তৃপক্ষ।
সংবাদ সম্মেলনে কোম্পানির পক্ষে প্লান্ট ম্যানেজার তুহিন রুমি লিখিত বক্তব্যে বলেন, ‘দীর্ঘ ২৫ বছর ধরে নরসিংদীর ভাগদী এলাকায় কারখানা স্থাপন করে ঔষধ উৎপাদন ও প্রস্তুত করে আসছে মিস্টিক ফার্মাসিউটিক্যালস। তবে ২০২৩ সালে স্থানীয় রাজু মোল্লা কারখানার দেয়ালের ভিতরে ১০ দশমিক ২৫ শতাংশ জমির খারিজ বাতিল চেয়ে আদালতে মামলা করেন, যা এখনো বিচারাধীন।’
তিনি বলেন, ‘আদালতের বিচারাধীন বিষয়টি উপেক্ষা করে গত ১৩ এপ্রিল কোম্পানির নিরাপত্তা দেয়াল ভেঙে রাজু মোল্লা ও তার লোকজন পুনরায় অবৈধ দখলের চেষ্টা চালায়। এ সময় বাঁধা দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এতে ঔষধ কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে চরম নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।’
এ ঘটনায় ইতোমধ্যে থানায় অভিযোগ করা হয়েছে জানিয়ে প্রশাসনের কাছে ন্যায় বিচারসহ নিরাপত্তা দাবি করেন তুহিন রুমি।
সংবাদ সম্মেলনে কোম্পানির স্টোর ইনচার্জ তাহমিনা মাহমুত, ক্যাপসুল সেকশন ইনচার্জ নাজমুল কবীর উপস্থিত ছিলেন।
কেকে/এমএ