কক্সবাজার জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। কক্সবাজার আদালত প্রাঙ্গণে বিএনপি নেতা লিয়াকত আলী মেম্বারকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিশানা ব্যর্থ হয়ে অপর এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে পিস্তলসহ একজনকে আটক করেছে।
রোববার (২৪ মে) সকাল সাড়ে ১১টার দিকে কক্সবাজার জেলা জজ আদালত প্রাঙ্গণে ঘটনাটি ঘটে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. অহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তির নাম জিয়াউল হক জিয়া। তার বাড়ি ঈদগাঁও উপজেলার কালিরছড়া এলাকায়। তার কাছ থেকে একটি পিস্তল, চার রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন ও ছয়টি গুলির খোসা উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী।
গুলিবিদ্ধ ব্যক্তির নাম মঈন উদ্দিন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি লিয়াকত আলী মেম্বারের চাচাতো ভাই।
কক্সবাজার সদর থানার ওসি মোহাম্মদ আলী বলেন, ‘প্রাথমিকভাবে পূর্বশত্রুতার জেরে হামলার ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। তদন্তের স্বার্থে এই মুহূর্তে প্রতিপক্ষের নাম প্রকাশ করা হচ্ছে না।’
এর আগে চলতি মে মাসজুড়ে জেলার বিভিন্ন স্থানে নৃশংস হত্যাকাণ্ড ও সৈকত থেকে অজ্ঞাত লাশ উদ্ধারের ঘটনায় স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
কেকে/এলএ