মৌলভীবাজারের সাবেক ছাত্রনেতা সাজ্জাদুর রহমান শুভর বাড়িতে ফের হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত রোববার (২৪ মে) দিবাগত রাতে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পরিবার ও স্থানীয়দের দাবি, সাজ্জাদুর রহমান শুভ তার বাবার কবর জিয়ারত করতে গোপনে এলাকায় এসেছেন—এমন খবর ছড়িয়ে পড়ার পরপরই প্রায় ২০০ জনের একটি কট্টর ইসলামিক দল সংঘবদ্ধ হয়ে তার বাড়িতে হামলা চালায়। অভিযোগ রয়েছে, ছাত্রনেতা রুবেলের নেতৃত্বে এ হামলা পরিচালিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা গভীর রাতে মব সৃষ্টি করে বাড়িতে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায় এবং ঘরের বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগতে থাকেন।
ঘটনার পর সাজ্জাদুর রহমান শুভর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ফোন বন্ধ পাওয়া যায়। তবে প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুভ বর্তমানে কানাডায় অবস্থান করছেন। এছাড়া তার মা ও বড় ভাই ঢাকায় আত্মগোপনে রয়েছেন বলেও স্থানীয়দের ধারণা।
এ বিষয়ে থানার সঙ্গে যোগাযোগ করা হলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। তারা বিষয়টি নিয়ে কথা বলতে অস্বীকৃতি জানান।
উল্লেখ্য, সাজ্জাদুর রহমান শুভ দীর্ঘদিন ধরে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, এসব সাংস্কৃতিক কর্মকাণ্ডকে কেন্দ্র করে কট্টর ইসলামিক ওই গ্রুপটির সঙ্গে তার কয়েক বছর ধরেই বিরোধ চলে আসছিল। এলাকাবাসীর ধারণা, পূর্বের সেই বিরোধের জের ধরেই সাম্প্রতিক এই হামলার ঘটনা ঘটতে পারে।
স্থানীয় সচেতন মহল বলছে, রাজনৈতিক ও মতাদর্শিক বিরোধের জেরে এলাকায় দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। সাম্প্রতিক এই হামলার ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে।
ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
কেকে/এজে