সোনাগাজী উপজেলায় ২০২৪ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত দুই পরিবারের মাঝে নতুন ঘর উপহার দিয়েছে ফেনী জেলা জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (২৬ মে) সকালে সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের সফরাবাদ এলাকার বাসিন্দা নুরুল ইসলাম এবং মধ্যম সুলতানপুর এলাকার রাজিয়া বেগমের পরিবারের কাছে জামায়াতে ইসলামীর নিজ অর্থায়নে ও নবাবপুর ইউনিয়ন জামায়াতের সার্বিক তত্ত্বাবধানে নির্মিত দুটি নতুন ঘর আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত থেকে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ফেনী জেলা জামায়াতের আমীর মুফতি আব্দুল হান্নান।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ডা. মো. ফখরুদ্দিন মানিক, সোনাগাজী উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোস্তফা, নবাবপুর ইউনিয়ন আমীর মাওলানা জিয়াউর রহমান, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা মুমিনুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
ফেনী জেলা জামায়াতে ইসলামীর আমীর মুফতি আব্দুল হান্নান বলেন, ২০২৪ সালের ভয়াবহ বন্যায় ফেনী জেলার অধিকাংশ এলাকা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ভারতীয় পাহাড়ি ঢলে অসংখ্য ঘরবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান পানিতে তলিয়ে যায়। সে সময় জামায়াতে ইসলামী ত্রাণ সহায়তার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনেও কাজ শুরু করে।
তিনি বলেন, “যেসব পরিবারের ঘর সম্পূর্ণ ভেঙে গেছে, তাদের জন্য ধাপে ধাপে সেমিপাকা ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে নবাবপুর ইউনিয়নে দুটি ঘর নির্মাণ করে হস্তান্তর করা হয়েছে।”
তিনি আরও বলেন, “জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের লক্ষ্য। মানবতার সেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই।”
ঘর পেয়ে প্রতিক্রিয়ায় নুরুল ইসলাম বলেন, “বন্যায় সব হারিয়ে আমরা দিশেহারা হয়ে পড়েছিলাম। জামায়াতে ইসলামীর সহযোগিতায় নতুন ঘর পেয়ে পরিবারের সদস্যদের নিয়ে আবার মাথা গোঁজার ঠাঁই ফিরে পেয়েছি।”
উল্লেখ্য, ২০২৪ সালের বন্যার পর ফেনীর বিভিন্ন উপজেলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ধারাবাহিকভাবে ঘর নির্মাণ, ত্রাণ বিতরণ এবং স্বাবলম্বী করার নানা কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
কেকে/এলএ