কুড়িগ্রামের রৌমারীতে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের সুরকির (লোহার রডের তৈরি) আঘাতে ছোট ভাই সজিব মিয়া (২০) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে উপজেলার যাদুরচর ইউনিয়নের কাশিয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে শুক্রবার (২৯ মে) দুপুরে ময়নাতদন্তের জন্য লাশ কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।
নিহত সজিব মিয়া উপজেলার যাদুরচর ইউনিয়নের কাশিয়াবাড়ি এলাকার বাবু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে যাদুরচর ইউনিয়নের কাশিয়াবাড়ি গ্রামে ক্যাসিনো খেলা ও মাদক সেবন নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে তর্কবিতর্ক হয়। এ সময় সজিব মিয়াকে ওইসব কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলেন তাঁর মা, বড় ভাই সাকিব মিয়া ও মামা সাইফুল ইসলাম। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে বড় ভাই সাকিব মিয়া সুরকি দিয়ে আঘাত করলে গুরুতর আহত হন ছোট ভাই সজিব মিয়া। পরে স্বজনরা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ওইদিন রাতে ঘটনাস্থল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ থানায় নিয়ে যায় পুলিশ।
রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক দুলাল চন্দ্র পাল বলেন, “সজিব মিয়া নামের যুবককে মৃত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। আহত সাইফুল ইসলামকে অন্যত্র স্থানান্তর করা হয়েছে।”
ওই চিকিৎসক আরও জানান, কিছু ব্যক্তি তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে সড়ক দুর্ঘটনার কথা বলেছেন। কিন্তু ওই যুবকের বুকের বাম পাশে আঘাতের একটি চিহ্ন রয়েছে।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী জানান, কেউ অভিযোগ না দেওয়ায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শুক্রবার দুপুরে ময়নাতদন্তের জন্য লাশ কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। তবে ঘটনাটির তদন্ত চলমান রয়েছে।
কেকে/এলএ