“মেধা, বিজ্ঞান ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর দশমিনায় মেধা, বিজ্ঞান ও উদ্ভাবন বিষয়ে প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের “এডুকেশন এক্সিলেন্স সাপোর্ট স্কিল (EESS)” এবং এসইডিপির যৌথ আয়োজনে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
মেধা, বিজ্ঞান ও উদ্ভাবন বিষয়ে প্রদর্শনী অনুষ্ঠানে উপজেলার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ১২টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। তারা তাদের উদ্ভাবনী নতুন নতুন আইডিয়া, বিজ্ঞানভিত্তিক প্রকল্প, কৃষি, মৎস্য, জলবায়ু পরিবর্তন, বাল্যবিবাহ ও মাদকবিরোধী বিষয়ে সৃজনশীল ধারণা প্রদর্শন করে।
দিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাফর আহমেদ, একাডেমিক সুপারভাইজার মু. নেছার উদ্দিন, বিআরডিবি কর্মকর্তা এস. এম. আরিফুর রহমান, পরিসংখ্যান কর্মকর্তা মো. মনিরুল হক, ডা. ডলি আকবর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সায়েম, বাংলাবাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আনোয়ারসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা এবং অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা উদ্বোধন শেষে শিক্ষার্থীদের প্রদর্শনী ঘুরে ঘুরে দেখেন। তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, বর্তমান সরকার বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য শিক্ষার্থীদের নতুন নতুন মেধার বিকাশে নতুন নতুন উদ্ভাবন ও সৃজনশীল চিন্তাভাবনার ওপর গুরুত্ব দিয়েছে। তিনি আরও জানান, বাংলাদেশ পুনর্গঠনে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষার বিকল্প নেই।
কেকে/এলএ