ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) প্রথম চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন বিএনপি নেতা মোতাহার হোসেন তালুকদার। গত বৃহস্পতিবার (১১ জুন) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা তাকে ১ বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। এদিন মধ্য রাতে সোশ্যাল মিডিয়ায় এ খবর ছড়িয়ে পড়লে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকসহ সর্বস্তরের ময়মনসিংহ নগরবাসী উচ্ছ্বসিত হন। বিএনপির একনিষ্ঠ কাণ্ডারী মোতাহার হোসেন তালুকদারের জন্য এটি সময়ের সেরা মূল্যায়ন বলে বিশ্লেষকরা মত প্রকাশ করেন।
মোতাহার হোসেন তালুকদার বিএনপির রাজনীতিতে একটি নাম। একটি অধ্যায়। ১৯৮২ সালে বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রদল দিয়ে তিনি রাজনৈতিক জীবন শুরু করেন। ময়মনসিংহের অন্যতম কিংবদন্তি বিএনপি নেতা প্রয়াত এ কে এম ফজলুল হক এমপির নেতৃত্ব ও নির্দেশনায় ঝাঁপিয়ে পড়েন স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে। রাজনীতির মাঠে গুরুত্বপূর্ণ পদ পাওয়ার পাশাপাশি মোতাহারকে দীর্ঘ ৪২ বছর অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা বিএনপিতে ত্যাগী নেতাদের মধ্যে তিনি অন্যতম। বিচক্ষণতা ও দূরদর্শিতা দিয়ে ছাত্রদল, যুবদল ও বিএনপিকে বহু দূর এগিয়ে নিয়ে গেছেন। বলিষ্ঠ কণ্ঠস্বর, কর্মঠ, ত্যাগী ও গুণী বিএনপি নেতা মোতাহার দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের কাছে ব্যাপক গ্রহনযোগ্য।
মোতাহার হোসেন তালুকদার দৈনিক খোলা কাগজকে বলেন, প্রধানমন্ত্রী আমার ওপর বিশ্বাস রেখে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছেন। আমি সেই বিশ্বাস রাখতে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবো। এর আগেও তিনি আমাকে গুরুত্বপূর্ণ অনেক দায়িত্ব দিয়েছেন। আমি সেগুলো পালনে সচেষ্ট হয়েছি। তিনি বলেন, আমি ময়মনসিংহ নগরবাসীর জন্য ভালো কিছু করতে চাই। ধ্বংসের শেষ প্রান্তে যাওয়া এ নগরীকে পরিকল্পিত ও আধুনিক রূপ দিতে হবে। জনআকাঙ্খা বাস্তবায়নে সরকারের সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চাই। অপরিকল্পিত ময়মনসিংহ নগরীকে বাস্তব রূপ দিতে সকলের সার্বিক সহযোগিতা প্রয়োজন।
মন্ত্রণালয় থেকে জারি হওয়া প্রজ্ঞাপনে বলা হয়েছে, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ আইন-২০২৬ এর ধারা ৮(১) অনুযায়ী মোতাহার হোসেন তালুকদারকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এ নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী ১ বছর মেয়াদে তিনি ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (গ্রেড-২, অতিরিক্ত সচিব পদমর্যাদা) পদে দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. গোলাম রব্বানী গত বৃহস্পতিবার রাতে উল্লেখিত প্রজ্ঞাপনে সই করেন।
এর আগে চলতি বছরের ১২ জানুয়ারি রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ-২০২৬ জারি করেন। চুক্তিভিত্তিক নিয়োগ প্রজ্ঞাপন জারি হওয়ার পর ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি ময়মনসিংহ নগরীর সব শ্রেণী-পেশার মানুষকে সঙ্গে নিয়ে আধুনিক নগরী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন। নাগরিক ভোগান্তি রোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মউক চেয়ারম্যান।
জানা যায়, ময়মনসিংহ মহানগর ও আশপাশের এলাকার ভূপ্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য বজায় রাখা, অপরিকল্পিত নগরায়ন রোধ, পরিকল্পিত নগর উন্নয়ন, ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ, অবকাঠামো উন্নয়ন, দুর্যোগ-সহনশীল নগর ব্যবস্থাপনা নিশ্চিত করা, তথ্যপ্রযুক্তি ও পর্যটন শিল্পের বিকাশ, উন্নত নাগরিক জীবন নিশ্চিত করা এবং মাস্টারপ্ল্যান বাস্তবায়নের লক্ষ্যে এ কর্তৃপক্ষ গঠন করা হয়েছে। এটি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হবে।
কেকে/এলএ