মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকা থেকে ইয়াবাসহ মোছা. চম্পা খাতুন (৩৬) নামে এক নারী মাদককারবারিকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে ৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বুধবার (১৭ জুন) রাত ৮টার দিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৪, সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার মেজর এস. কে. এম. সাদমান হোসেন।
গ্রেফতারকৃত মোছা. চম্পা খাতুন নাটোর জেলার গুরুদাসপুর থানার মশিন্দা শিকারপাড়া আলিয়া মাদ্রাসা এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে ঢাকার মিরপুরের কল্যাণপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় আজ (বুধবার) বেলা ১১টার দিকে র্যাব-৪, সিপিসি-৩-এর একটি আভিযানিক দল শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় চম্পা খাতুনকে গ্রেফতার করা হয়। পরে তার কাছ থেকে ৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার চালানটি বিক্রির উদ্দেশ্যে ঢাকা জেলার ধামরাই এলাকা থেকে পাটুরিয়া ঘাটে আনা হয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
র্যাব আরও জানায়, চম্পা খাতুন দীর্ঘদিন ধরে ঢাকা জেলার ধামরাই, সাভার ও আশুলিয়া এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাটসহ বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।
র্যাব-৪, সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার মেজর এস. কে. এম. সাদমান হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ হাজার ৬০০ পিস ইয়াবাসহ এক নারী মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। তাকে শিবালয় থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’
তিনি আরও জানান, এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে শিবালয় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।