Wednesday 17 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাইকোর্টের বিশেষ বেঞ্চে নুসরাত হত্যা মামলা

স্টাফ করেসপন্ডেট
১৪ জুন ২০২৬ ১৩:৪১ | আপডেট: ১৪ জুন ২০২৬ ১৭:০৫

নুসরাত জাহান রাফি।

ঢাকা: ফেনীর আলোচিত নুসরাত জাহান রাফি হত্যা মামলার ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) শুনানির জন্য হাইকোর্টের বিশেষ বেঞ্চের কার্যতালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

রোববার (১৪ জুন) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বিশেষ বেঞ্চের কজলিস্টে মামলাটি অন্তর্ভুক্ত করা হয়।

নারী ও শিশু ধর্ষণ ও হত্যা সংক্রান্ত আলোচিত মামলাগুলোর ডেথ রেফারেন্স দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে গত ১০ জুন প্রধান বিচারপতি অগ্রাধিকার ভিত্তিতে এ বিশেষ বেঞ্চ গঠন করেন। এরই ধারাবাহিকতায় নুসরাত হত্যা মামলাটি শুনানির জন্য তালিকাভুক্ত হয়েছে।

মামলার নথি অনুযায়ী, ২০১৯ সালের ৬ এপ্রিল ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার ছাত্রী নুসরাত জাহান রাফি অধ্যক্ষের বিরুদ্ধে করা যৌন হয়রানির অভিযোগ প্রত্যাহার করতে অস্বীকৃতি জানালে তাকে কৌশলে ছাদে ডেকে নিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। গুরুতর দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন থাকার পর ১০ এপ্রিল তিনি মারা যান।

বিজ্ঞাপন

এ ঘটনায় দায়ের করা মামলার বিচার শেষে ২০১৯ সালের ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১৬ জন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে মাদরাসার সাবেক অধ্যক্ষ এস এম সিরাজ উদ-দৌলা, সাবেক কাউন্সিলর মাকসুদ আলম ওরফে মোকসুদ কাউন্সিলার এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রুহুল আমিনসহ আরও কয়েকজন রয়েছেন।

রায়ের পর একই বছরের ২৯ অক্টোবর মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার ডেথ রেফারেন্সসহ সংশ্লিষ্ট নথিপত্র হাইকোর্টে পাঠানো হয়। পরবর্তীতে পেপারবুক প্রস্তুত ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর মামলাটি শুনানির জন্য প্রধান বিচারপতির কাছে উপস্থাপন করা হয় এবং পরে বিশেষ বেঞ্চ নির্ধারণ করা হয়।

ফৌজদারি কার্যবিধি অনুযায়ী, বিচারিক আদালত কোনো আসামিকে মৃত্যুদণ্ড দিলে সেই রায় কার্যকর হওয়ার আগে হাইকোর্টের অনুমোদন বাধ্যতামূলক। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত আসামিদের করা জেল আপিল ও ফৌজদারি আপিলও এ প্রক্রিয়ার অংশ হিসেবে বিবেচিত হবে।

সারাবাংলা/টিএম/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর