রপ্তানিকারকদের আমাজন-আলিবাবার মাধ্যমে পণ্য বিক্রির সুযোগ দিল সরকার

১৭ জুন ২০২৬, ০৩:২২ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

বাংলাদেশি রপ্তানিকারকদের জন্য বিশ্বখ্যাত ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন, আলিবাবা ও আলি এক্সপ্রেস-এ পণ্য প্রদর্শনের পাশাপাশি সরাসরি ক্রেতাদের কাছে বিক্রির (বি-টু-সি রপ্তানি) ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে। সরাসরি বৈশ্বিক ক্রেতাদের কাছে পৌঁছানোর প্রক্রিয়া সহজ করতে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণসংক্রান্ত নীতিমালায় বড় পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। গত সোমবার (১৫ জুন) কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব অনুমোদিত ডিলার ব্যাংকে পাঠানো হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশি রপ্তানিকারকেরা পেমেন্টসংক্রান্ত এবং প্রচলিত অন্যান্য বিধিবিধান মেনে বৈশ্বিক ই-কমার্স প্ল্যাটফর্মগুলোতে নিজেদের পণ্য তালিকাভুক্ত ও প্রদর্শন করতে পারবেন। তবে এ ক্ষেত্রে অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে, সংশ্লিষ্ট রপ্তানিকারকের ওই অনলাইন মার্কেটপ্লেসগুলোর সঙ্গে বৈধ মার্চেন্ট বা অংশগ্রহণের চুক্তি রয়েছে কি না এবং সেখানে পেমেন্ট ও বিরোধ নিষ্পত্তির সুনির্দিষ্ট ব্যবস্থা আছে কি না। এই বিশেষ সুবিধাটি শুধুমাত্র কস্ট অ্যান্ড ফ্রেট (সিএফআর) শর্তে স্বল্পমূল্যের রপ্তানির ক্ষেত্রে প্রযোজ্য হবে, যেখানে প্রতিটি লেনদেনের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে ৫,০০০ মার্কিন ডলার বা এর সমপরিমাণ অর্থ।

সহজীকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে, প্রতি চালানে ১,০০০ ডলার পর্যন্ত শিপমেন্টের জন্য প্রচলিত ইএক্সপি ফর্মের বাধ্যবাধকতা থাকবে না এবং শিপিং নথিপত্র সরাসরি বিদেশি ক্রেতাদের নামে ইস্যু করা যাবে; তবে শর্ত হলো, রপ্তানি মূল্য অবশ্যই ব্যাংকিং চ্যানেল বা বৈধ ডিজিটাল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে অগ্রিম গ্রহণ করতে হবে। ১,০০০ ডলারের বেশি মূল্যের চালানের ক্ষেত্রে বিদ্যমান ইএক্সপি ফর্ম পদ্ধতি অনুসরণ করতে হবে এবং পণ্য পাঠানোর তারিখ থেকে নির্ধারিত সময়ের মধ্যে আনুষ্ঠানিক ব্যাংকিং চ্যানেলে রপ্তানি আয় দেশে ফিরিয়ে আনতে হবে। 

এছাড়া মার্কেটপ্লেসগুলোকে দেওয়া ফি, কমিশন ও অন্যান্য খরচ বিদ্যমান নীতিমালার নির্ধারিত সীমার মধ্যে থাকতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, এই যুগান্তকারী উদ্যোগের মূল লক্ষ্য হলো ক্ষুদ্র ও মাঝারি রপ্তানিকারকদের সহায়তা করা এবং বৈশ্বিক ডিজিটাল বাণিজ্য নেটওয়ার্কের সঙ্গে বাংলাদেশকে আরও নিবিড়ভাবে যুক্ত করে রপ্তানি বাজার সম্প্রসারণ করা।

হজের ফি আরও কমাতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
  • ১৭ জুন ২০২৬
শাবিপ্রবিতে ৫ দিনব্যাপী সামাজিক গবেষণা দক্ষতা বৃদ্ধি প্রশিক…
  • ১৭ জুন ২০২৬
ঐতিহাসিক রেকর্ড ছোঁয়ার অপেক্ষায় রোনালদো
  • ১৭ জুন ২০২৬
ভোটে হারার পর বেঁকে বসলেন বাড়ির মালিক, ছাড়তে হচ্ছে তৃণমূলের…
  • ১৭ জুন ২০২৬
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে চাকরি, আবেদন ১৬ জুলাই…
  • ১৭ জুন ২০২৬
নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আড়ালে জুয়ার আসর, গ্রেপ্তার ১৫
  • ১৭ জুন ২০২৬
×