সমালোচনার মুখে বাতিল হচ্ছে প্রাথমিকের পরীক্ষা ফি, আসছে নতুন সিদ্ধান্ত

১৭ জুন ২০২৬, ০১:০৪ PM , আপডেট: ১৭ জুন ২০২৬, ০১:১০ PM
 ক্লাসরুম ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের লোগো

ক্লাসরুম ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের লোগো © ফাইল ছবি

সমালোচনার মুখে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষার জন্য আলাদা ফি নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।  অবৈতনিক প্রাথমিক শিক্ষানীতি বজায় রাখা এবং অভিভাবকদের ওপর থেকে আর্থিক চাপ কমানোর লক্ষ্যেই সরকার এই নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে ফি না নেওয়ার বিষয়ে সরকারের নীতিগত অবস্থান রয়েছে। এ বিষয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক দ্রুত অবহিত করবেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ইতিমধ্যে শিক্ষার্থীদের বিনা মূল্যে ইউনিফর্ম দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। অনেক বিদ্যালয়ে মিড-ডে মিল (স্কুলে খাবার) কর্মসূচি চালু রয়েছে। পর্যায়ক্রমে এ কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া শিক্ষার্থীবান্ধব আরও বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে শিক্ষা খাতে পরিবারগুলোর ব্যয় যতটা সম্ভব কমানোই সরকারের অন্যতম অগ্রাধিকার। তারই অংশ হিসেবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ না দেওয়ার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

এর আগে পর্যাপ্ত সরকারি বরাদ্দ না থাকার কারণে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে ৩০ টাকা, চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে ৪০ টাকা এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে ৫০ টাকা করে পরীক্ষার ফি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

গত শনিবার ঢাকার এক অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষাসচিব মো. সাখাওয়াত হোসেন বলেছিলেন, বরাদ্দ-সংক্রান্ত জটিলতার কারণে আপাতত সরকারিভাবে পরীক্ষার খরচ দেওয়া সম্ভব হচ্ছে না। তিনি বলেন, পরীক্ষা নিতেই হবে, আর এর জন্য টাকা দরকার। কিন্তু এখন সরকারিভাবে প্রয়োজনীয় অর্থ দেওয়া যাচ্ছে না। ভবিষ্যতে বরাদ্দ পাওয়া গেলে এ সমস্যা থাকবে না, তখন শিক্ষার্থীদের কাছ থেকেও ফি নেওয়া হবে না। ফি নেওয়ার বিষয়ে মৌখিক নির্দেশনাও দেওয়া হয়েছে বলে জানান সচিব।

তবে প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক ও অবৈতনিক হওয়ায় এ সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন শিক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তিরা।  

‎হবিগঞ্জের চুনারুঘাটে ৩৭৯ চা-শ্রমিক পেলেন ফ্যামিলি কার্ড
  • ১৭ জুন ২০২৬
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১১১, আ…
  • ১৭ জুন ২০২৬
ইবির নাটোর জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে মাহমুদুল-তুষার
  • ১৭ জুন ২০২৬
মোবাইলে ফ্রি বিশ্বকাপ দেখে বিপদে পড়ছেন না তো?
  • ১৭ জুন ২০২৬
হবিগঞ্জে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশি অস্ত্রসহ যুবক আটক
  • ১৭ জুন ২০২৬
ব্র্যাক ব্যাংকে চাকরি, আবেদন ২৫ জুন পর্যন্ত
  • ১৭ জুন ২০২৬
×