‘আমরাই সবচেয়ে জনপ্রিয় জুটি’

১৭ জুন ২০২৬, ০৪:০৬ PM , আপডেট: ১৭ জুন ২০২৬, ০৪:১২ PM
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি © সংগৃহীত

চলতি সপ্তাহে ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনে বিশ্বের ক্ষমতাধর নেতারা যখন নানা গুরুত্বপূর্ণ বৈশ্বিক ও ভূরাজনৈতিক ইস্যু নিয়ে আলোচনায় ব্যস্ত, তখন আনুষ্ঠানিকতার বাইরে ঘটে যাওয়া একটি হালকা মেজাজের ঘটনা মুহূর্তই আন্তর্জাতিক মহলে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আবারও এমন একটি মুহূর্তের সৃষ্টি করেছেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে। সম্মেলনের ঐতিহ্যগত গ্রুপ ছবি তোলার জন্য বিশ্বনেতারা যখন একত্রিত হচ্ছিলেন, ঠিক তখনই মেলোনি ও মোদিকে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়।

শুভেচ্ছা বিনিময়ের সময় নরেন্দ্র মোদি ইতালির প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, ‘আবার দেখা হয়ে ভালো লাগছে।’ এরপর কিছুটা রসিকতার সুরে তিনি যোগ করেন, ‘আমরাই ইনস্টাগ্রামের সবচেয়ে বিখ্যাত জুটি।’ মূলত বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের দুজনকে নিয়ে বহুল আলোচিত ‘মেলোডি’ ট্রেন্ডের জনপ্রিয়তার দিকে ইঙ্গিত করেই ভারতের প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন। জবাবে প্রধানমন্ত্রী মেলোনিও বেশ হাসিমুখে সায় দিয়ে বলেন, ‘হ্যাঁ! হ্যাঁ! আমরাই ইনস্টাগ্রামে সবচেয়ে বিখ্যাত।’

ইন্টারনেটে সাধারণ একটি মিম হিসেবে শুরু হওয়া ‘মেলোদি’ (মোদি এবং মেলোনির নামের সংমিশ্রণ) শব্দটি যে এখন সামাজিক যোগাযোগমাধ্যমের একটি বৈশ্বিক ট্রেন্ডে পরিণত হয়েছে, এই সংক্ষিপ্ত কথোপকথন তারই প্রমাণ। গত তিন বছরে অনলাইনে এটি একটি সহজে চেনা ব্র্যান্ডে রূপ নিয়েছে। ২০২৩ সালে দুবাইয়ে অনুষ্ঠিত কপ-২৮ (COP28) জলবায়ু সম্মেলনে মেলোনির পোস্ট করা একটি সেলফি থেকেই এই প্রবণতার বড় উত্থান ঘটেছিল। তখন ইতালির প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তোলা সেই ছবির ক্যাপশনে লিখেছিলেন— ‘Good friends at COP 28 #Melodi’।

এরপর থেকে আন্তর্জাতিক যেকোনো মঞ্চে এই দুই নেতার সাক্ষাৎ মানেই ইন্টারনেট দুনিয়ায় নতুন করে ‘মেলোদি’ হ্যাশট্যাগের ঝড় ওঠা। তবে এই বৈশ্বিক ট্রেন্ডে সবচেয়ে বড় চমকটি আসে গেল মাসে প্রধানমন্ত্রী মোদির রোম সফরের সময়। সে সময় নরেন্দ্র মোদি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে ভারতের সুপরিচিত ‘মেলোডি’ (Melody) চকলেট টফির একটি প্যাকেট উপহার দেন। নেটিজেনরা এটিকে এই ট্রেন্ডের প্রতি মোদির সবচেয়ে চমৎকার ও মিষ্টি স্বীকৃতি হিসেবে আখ্যা দেন।

অনলাইনে ছড়িয়ে পড়া সেই ভিডিওতে দেখা যায়, নীল রঙের বন্দগালা স্যুট পরিহিত প্রধানমন্ত্রী মোদি হাসিমুখে টফির প্যাকেটটি তুলে দিচ্ছেন সাদা স্যুট পরা মেলোনির হাতে। উপহার পেয়ে মেলোনি ক্যামেরার সামনে বেশ উচ্ছ্বাস নিয়ে বলেন, ‘প্রধানমন্ত্রী মোদি আমাদের জন্য একটি উপহার এনেছেন...খুব, খুব ভালো টফি।’ এরপর দুজনকে একসঙ্গে হাসতে দেখা যায়। 

ভিডিওটি প্রকাশের মাত্র ছয় ঘণ্টার মধ্যেই ১০ কোটির বেশি ভিউ অতিক্রম করে এবং বর্তমানে এটিতে ১ কোটি ৩০ লাখের বেশি লাইক রয়েছে। এবারের জি-৭ সম্মেলনেও তাদের এই রসাত্মক মেলবন্ধন দুই দেশের কূটনৈতিক সম্পর্কের উষ্ণতার পাশাপাশি ডিজিটাল মাধ্যমে তাঁদের ব্যক্তিগত জনপ্রিয়তার বিষয়টিই আবার ফুটিয়ে তুলেছে।

শাবিপ্রবিতে ৫ দিনব্যাপী সামাজিক গবেষণা দক্ষতা বৃদ্ধি প্রশিক…
  • ১৭ জুন ২০২৬
ঐতিহাসিক রেকর্ড ছোঁয়ার অপেক্ষায় রোনালদো
  • ১৭ জুন ২০২৬
ভোটে হারার পর বেঁকে বসলেন বাড়ির মালিক, ছাড়তে হচ্ছে তৃণমূলের…
  • ১৭ জুন ২০২৬
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে চাকরি, আবেদন ১৬ জুলাই…
  • ১৭ জুন ২০২৬
নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আড়ালে জুয়ার আসর, গ্রেপ্তার ১৫
  • ১৭ জুন ২০২৬
অভিযোগ দেওয়ায় থানার সামনেই অভিযোগকারীর ওপর হামলা, আটক ৩
  • ১৭ জুন ২০২৬
×