এই খবরটি পডকাস্টে শুনুনঃ
মৌলভীবাজারের উদ্দেশে রওনা হয়ে সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনব্যাপী এই সফরে তিনি ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন ও বিতরণ কার্যক্রমে অংশ নেবেন। পাশাপাশি একটি রাজনৈতিক সভায়ও যোগ দেওয়ার কথা রয়েছে।
আজ (১৭ জুন) বুধবার বুধবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে ১০টার দিকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছান তিনি। এরপর সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। সফরের শুরুতেই তিনি শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন।
এই কর্মসূচির আওতায় শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৫৫টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। পরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আরেকটি অনুষ্ঠানে অংশ নিয়ে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ১৫২টি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেবেন তিনি।
সফরের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী মৌলভীবাজারের দুসাই রিসোর্টে যাবেন। সেখানে সংক্ষিপ্ত বিশ্রামের পর স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণে আয়োজিত একটি রাজনৈতিক সভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে। কর্মসূচি শেষে সন্ধ্যায় সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি।
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে মৌলভীবাজার ও শ্রীমঙ্গলজুড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রশাসনের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বিশেষ করে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির সুবিধাভোগী পরিবারগুলোর মধ্যে সফরকে ঘিরে আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে।

