এই খবরটি পডকাস্টে শুনুনঃ
মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারিয়ে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশ। বার্মিহামের এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে রোববার টসে হেরে ফিল্ডিংয়ে নেমে দুর্দান্ত বোলিং করে টিম টাইগ্রেস। পরে ব্যাটিংও করেছে সাবলীল।
নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৯ রানে ডাচদের আটকে দেন মারুফা আক্তার-ঋতু মনিরা। জবাবে জুয়াইরিয়া ফেরদৌসের ফিফটিতে ১৯.১ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে নিগার সুলতানা জ্যোতির দল।
১৪০ রানের লক্ষ্যে নেমে শুরুটা দারুণ করে বাংলাদেশ। জুয়াইরিয়া ফেরদৌস ও দিলারা আক্তারের ওপেনিং জুটিতে আসে ৬৭ রান। ৩৩ বলে ৭ চার ও ২ ছক্কায় ৫০ রান করে জুয়াইরিয়া জয়ের ভিত গড়ে ফেরেন। এরপর জ্যোতি ও সোবহানা মোস্তারি শূন্য ও ৪ রানে ফিরে গেলে কিছুটা চাপে পড়ে টিম টাইগ্রেস।
শারমিন আক্তার ও স্বর্ণা আক্তারের অপরাজিত ৩৭ ও ১৭ রানে শেষে বিশ্বকাপে প্রথম ম্যাচে জয় দিয়ে শুভ সূচনা করল বাংলাদেশ। দারুণ জয়ের ম্যাচে আরেক ওপেনার দিলারা আক্তার খেলেছেন ২৩ বলে ২৬ রানের ইনিংস।
ডাচদের হয়ে ক্যারোলিন ডি ল্যাঞ্জ ৪ ওভারে ২৭ রান দিয়ে নেন ২ উইকেট।
ম্যাচের শুরুতে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে যায় নেদারল্যান্ডস। এরপর নিয়মিত বিরতিকে উইকেট হারিয়ে ৭৬ রানে সাজঘরে ফেরেন ৫ ডাচ। তিনে নামা অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটার বাবাতে ডি লিড একাই লড়াই চালিয়ে যান। ফিফটি হাঁকিয়ে দলকে এনে দেন লড়াকু পুঁজি।
বাকিদের আসা যাওয়ার মিছিলে ৪৫ বলে ৫ চারে ঠিক ৫০ রান করেছেন ডি লিড। তার বিদায়ের পর আবারও একই চিত্র। মন্থর হয় রানের গতি। শেষদিকে কিছু ছোট ছোট ইনিংসে ১৩৯ পর্যন্ত যায় নেদারল্যান্ডস।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন পেসার মারুফা আক্তার। একটি করে উইকেট নিয়েছে ফারিহা তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া খান ও ঋতু মনি।







