কোরবানির ঈদে মাংসের নানা পদ খেতে খেতে অনেকেরই একঘেয়েমি চলে আসে। মুখের স্বাদ বদলাতে তাই রান্নার আয়োজনে রাখতে পারেন ভিন্ন স্বাদের ছোট মাছের কয়েকটি পদ। আজ দুপুরের খাবারের মেনু সাজানো হয়েছে ছোট মাছের সুস্বাদু কিছু তরকারি দিয়ে।
মাখা-মাখা ঝোলে ছোট মাছ
উপকরণ : পাঁচমিশালি ছোট মাছ ২৫০ গ্রাম, পেঁয়াজ কুচি ১ কাপ, কাঁচামরিচ ফালি ৬টি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনেগুঁড়া আধা চামচ, তেল আধা কাপ, লবণ ও পানি পরিমাণমতো।
প্রস্তুত প্রণালি : প্রথমে মাছ কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিন। এরপর কড়াইয়ে সব মসলা একসঙ্গে মিশিয়ে নিন। এবার মাছ দিয়ে আলতোভাবে মসলা মাখিয়ে নিন। পরিমাণমতো পানি দিয়ে চুলায় বসান। পানি শুকিয়ে ঝোল মাখা-মাখা হয়ে এলে চুলা থেকে নামিয়ে নিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মাখা-মাখা ঝোলের সুস্বাদু ছোট মাছের তরকারি।
কাজলি মাছের ঝোল
উপকরণ : কাজলি মাছ ৫০০ গ্রাম, পেঁয়াজ কুচি ১ কাপ, পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ চা-চামচ, হলুদ গুঁড়া আধা চা-চামচ, মরিচ গুঁড়া আধা চা-চামচ, কাঁচামরিচ ৪-৫টি, টমেটো কুচি ১টি, ভাজা জিরার গুঁড়া আধা চা-চামচ, তেল পরিমাণমতো ও লবণ স্বাদমতো।
প্রস্তুত প্রণালি : প্রথমে মাছ ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর মাছে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও লবণ মেখে ১০ মিনিট রেখে দিন। একটি ফ্রাইপ্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি দিন। পেঁয়াজ নরম হয়ে এলে সব মসলা, লবণ ও সামান্য পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। মসলা কষানো হয়ে গেলে তাতে ২ কাপ পানি দিয়ে ফুটতে দিন। অন্য একটি ফ্রাইপ্যানে তেল গরম করে মাছগুলো হালকা লালচে করে ভেজে নিন। এরপর ভাজা মাছগুলো ফুটন্ত ঝোলে দিয়ে দিন। টমেটো কুচি যোগ করুন। কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ রান্না করে সামান্য ঝোল রেখে চুলা থেকে নামিয়ে নিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু মাছের ঝোল।
কাতলা মাছের কালিয়া
উপকরণ : কাতলা মাছ ৫ টুকরা, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, আদা-রসুন বাটা ১ চা-চামচ, জিরা বাটা আধা চা-চামচ, ধনে গুঁড়া আধা চা-চামচ, মরিচ গুঁড়া আধা চা-চামচ, গরম মসলা গুঁড়া আধা চা-চামচ, কাজুবাদাম বাটা ১৪-১৫টি, টমেটো সস ২ টেবিল চামচ, ময়দা ১ টেবিল চামচ, ফেটানো ডিম অর্ধেক, ডুমো করে কাটা মাঝারি আকারের আলু ২টি, কাঁচামরিচের ফালি ৪-৫টি, লবণ স্বাদমতো এবং ঘি বা তেল প্রয়োজনমতো।
প্রণালি : কাতলা মাছ কেটে ভালোভাবে ধুয়ে তাতে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আদা-রসুন বাটা, লবণ, ময়দা ও ফেটানো ডিম দিয়ে মাখিয়ে ৫ মিনিট রেখে দিতে হবে। এরপর মাছগুলো ডুবোতেলে ভেজে তুলে রাখতে হবে। আলুগুলোয়ও সামান্য মসলা মাখিয়ে ভেজে রাখতে হবে। কড়াইয়ে ২ টেবিল চামচ তেল ও ১ টেবিল চামচ ঘি গরম করে তাতে পেঁয়াজ বাটা, আদা-রসুন বাটা, জিরা বাটা, ধনে গুঁড়া, কাজুবাদাম বাটা এবং টমেটো সস দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মসলা কষানো হয়ে গেলে ১ কাপ দুধ বা পানি দিয়ে তাতে ভাজা মাছ ও ভাজা আলু দিতে হবে। ঝোল ফুটে তেল উপরে উঠে এলে গরম মসলা গুঁড়া ও কাঁচামরিচ ছড়িয়ে দিয়ে চুলা থেকে নামিয়ে পরিবেশন করতে হবে।
রুই মাছের ডিম দিয়ে করলা
উপকরণ: রুই মাছের ডিম ১ কাপ, করলা আধা কাপ, হলুদ গুঁড়া আধা চা-চামচ, মরিচ গুঁড়া ১ চা-চামচ, আদা বাটা আধা চা-চামচ, রসুন বাটা আধা চা-চামচ, পেঁয়াজ কুচি এক-চতুর্থাংশ কাপ, কাঁচামরিচ ৬-৭টি, তেল এক-চতুর্থাংশ কাপ, লবণ স্বাদমতো, ধনেপাতা কুচি ২ টেবিল-চামচ।
প্রস্তুত প্রণালি: কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি হালকা বাদামি করে ভেজে নিন। এরপর আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও লবণ দিয়ে মসলা কষিয়ে করলা দিন। করলা হালকা সিদ্ধ হলে রুই মাছের ডিম এবং আধা কাপ পানি দিয়ে ঢেকে দিন। ডিম সিদ্ধ হয়ে গেলে কাঁচামরিচ ও ধনেপাতা দিয়ে ভালোভাবে নেড়ে নামিয়ে পরিবেশন করুন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

