সিরাজগঞ্জের শাহজাদপুরে ভেজাল কীটনাশক কারখানায় টাস্কফোর্সের অভিযান জেল ও ২ লাখ টাকা জরিমানা
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে বিভিন্ন নামিদামী ব্র্যান্ডের কীটনাশক তৈরির সময় হারিজ এগ্রো কেয়ার নামের একটি ভেজাল কীটনাশক কারখানায় টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়েছে।
অভিযান চলাকালে বিপুল পরিমাণ বিভিন্ন ব্র্যান্ডের ভেজাল ও নকল কীটনাশক এবং মোড়ক জব্দ করা হয় অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানা মালিক মো: হারিজ উদ্দিনকে ১ মাসের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। হারিজ উদ্দিন উপজেলার মশিপুর গ্রামের আব্দুল বারিকের ছেলে।
মোবাইল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো: ফরিদুল ইসলাম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: সোহেল শেখ, উপজেলা কৃষি অফিসার মো: আব্দুল্লাহ আল মামুন, কৃষি সম্প্রসারণ অফিসার মো: জেরিন আহমেদ, র্যাব- ১২’র একটি দল ও শাহজাদপুর থানা পুলিশের একটি দল।
জানা যায়, গত মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিরাজগঞ্জ অঞ্চলের উপ-পরিচালক মো: সোহেল শেখের নেতৃত্বে র্যাব -১২ এর একটি দলসহ শাহজাদপুর উপজেলার মশিপুর উল্টরপাড়ায় গোপনে পরিচালিত একটি ভেজাল কীটনাশক কারখানায় অভিযান চালায়। পরে ঘটনাস্থলে উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন উপস্থিত হন।
আরও পড়ুনএসময় দেখা যায় দেশের বিভিন্ন কোম্পানির ২৮ থেকে ৩০টি ব্র্যান্ডের প্যাকেটজাত বিপুল পরিমাণ ভেজাল কীটনাশক ও কীটনাশক তৈরির বিপুল পরিমাণ কাঁচামাল এবং খালি মোড়ক। যার আনুমানিক বাজার মূল্য প্রায় অর্ধকোটি টাকা। এছাড়াও তাদের মালিকানাধীন হারিজ এগ্রো কেয়ারের উৎপাদনের ঠিকানা দেয়া আছে গাজীপুর কিন্তু সেই পণ্য অনুমোদনহীন।
স্থানীয় এলাকাবাসী জানায়, লোকচক্ষুর আড়ালে প্রায় ১ যুগ ধরে রাতের অন্ধকারে এখানে ভেজাল কীটনাশক তৈরি করা হচ্ছে। কারখানা এমনভাবে বন্ধ থাকে যেন বাইরে থেকে মনে হয় এই ভবন পরিত্যক্ত রয়েছে। টাস্কফোর্সের অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা শারমিন বলেন, দীর্ঘদিন এখানে প্রায় ২৮টি ব্র্যান্ডের ভেজাল কীটনাশক তৈরি হয়ে আসছে।
টাস্কফোর্সের অভিযানে প্রায় ৪০ থেকে ৫০ লাখ টাকার ভেজাল কীটনাশক তৈরির কাঁচামাল, উৎপাদিত ভেজাল কীটনাশক ও প্রয়োজনীয় উপকরণ জব্দ করা হয়েছে। সেই সাথে এই কারখানার মালিক ও ভেজাল কীটনাশকের মূল হোতা হারিজ এগ্রো কেয়ারের মালিক মো: হারিজ উদ্দিনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মন্তব্য করুন








