আদ-দ্বীন হাসপাতালের নির্বাহী পরিচালক হলেন অধ্যাপক জামালুন্নেসা
আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের নির্বাহী পরিচালক হলেন আদ-দ্বীন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. মোহাম্মদ ইব্রাহিমের কন্যা অধ্যাপক জামালুন্নেসা। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে চিকিৎসাধীন ছয় শিশু মৃত্যুর ঘটনায় আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের অনুমোদন বাতিলের প্রেক্ষাপটে পদত্যাগ করেছেন আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন।
অধ্যাপক জামালুন্নেসা গত ২৫ বছরের অধিক সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগে শিক্ষকতা করে সম্প্রতি স্বেচ্ছায় অবসর নিয়েছেন।
অধ্যাপক জামালুন্নেসা শিক্ষাজীবনেও কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তিনি ১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরে যুক্তরাজ্যের লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিকাল মেডিসিন থেকে পিএইচডি সম্পন্ন করেন।
আদ-দ্বীন ফাউন্ডেশনের কোম্পানি অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, প্রাথমিক তদন্তের ভিত্তিতে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি তদারকি জোরদার ও বিদ্যমান প্রটোকল পুনর্মূল্যায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, সরকারের নির্দেশনা অনুযায়ী হাসপাতালের অবকাঠামো ও ব্যবস্থাপনায় প্রয়োজনীয় পরিবর্তন আনার কাজ শুরু হয়েছে। আলো-বাতাস চলাচল ও অক্সিজেন সরবরাহব্যবস্থা উন্নত করতে তিনজন স্বাধীন পরামর্শকের তত্ত্বাবধানে সংস্কার কার্যক্রম চলছে।
নিরাপত্তা ও জবাবদিহিতা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে আদ-দ্বীন কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদক