আকাশসীমা খুলে দিল কুয়েত
ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কায় সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার পর বেসামরিক বিমান চলাচলের জন্য নিজেদের আকাশসীমা পুনরায় উন্মুক্ত করে দিয়েছে কুয়েত। আজ বৃহস্পতিবার (১১ জুন) দুপুরের দিকে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। খবর সিএনএনের।
বিবৃতিতে বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, আমরা সার্বিক নিরাপত্তা পরিস্থিতি চব্বিশ ঘণ্টা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় ও আকাশসীমা নিরাপদ থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর ইতোমধ্যেই স্বাভাবিক কার্যক্রমে ফিরে এসেছে। পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী বিমান ওঠানামা শুরু হয়েছে।
এর আগে আজ ভোরে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। কুয়েতের অভ্যন্তরে দুটি মার্কিন বিমানঘাঁটি এই হামলার মূল লক্ষ্যবস্তু হওয়ায় বেসামরিক বিমান ও যাত্রীদের নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে আকাশসীমা সম্পূর্ণ লকডাউন করেছিল কুয়েত সরকার। এর ফলে কুয়েতগামী অনেক আন্তর্জাতিক ফ্লাইট মাঝআকাশ থেকে অন্য দেশের নিরাপদ বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়েছিল।

এনটিভি অনলাইন ডেস্ক