লেবাননে হামলা হলেও ইরানের সঙ্গে চুক্তি টিকে থাকবে : ট্রাম্প
লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকলেও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের প্রস্তাবিত শান্তি চুক্তিটি টিকে থাকতে পারে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল লেবাননে হামলা চালালে এই চুক্তি টিকবে কিনা, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প সরাসরি বলেন, টিকবে। খবর রয়টার্সের।
লেবাননের বর্তমান সংঘাতের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, আমি এটিকে একটি ছোটখাটো যুদ্ধ বলে মনে করি। ইরানই হলো আসল ও বড় সমস্যা। তবে সেখানে একটি ছোট কাঁটার মতো আছে যা ক্রমাগত মাথাচাড়া দিয়ে ওঠে, আর সেটি হলো হিজবুল্লাহ।
ট্রাম্প বেশ জোরালো দাবি করে বলেন, যুক্তরাষ্ট্র তথা তিনি নিজে না থাকলে ‘ইসরায়েলের কোনো অস্তিত্ব থাকত না।’ তিনি আরও বলেন, ‘আমি না থাকলে ইসরায়েলের কোনো অস্তিত্ব থাকত না, কারণ আমি (ইসরায়েলের জন্য) যা করেছি, তা করতে অন্য কোনো প্রেসিডেন্ট কখনো রাজি হতেন না।’
মার্কিন প্রেসিডেন্ট জানান, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার ‘চমৎকার সম্পর্ক’ রয়েছে। তবে লেবাননের চলমান পরিস্থিতির বিষয়ে নেতানিয়াহুকে ‘আরও দায়িত্বশীল হতে হবে’ বলে তিনি সতর্ক করেন।
লেবাননে ইসরায়েলের নির্বিচার সামরিক পদক্ষেপের কঠোর সমালোচনা করে ট্রাম্প বলেন, ইসরায়েল ‘অনেক দিন ধরে হিজবুল্লাহর বিরুদ্ধে লড়ছে এবং এতে বহু সাধারণ মানুষ নিহত হচ্ছে। কাউকে খোঁজার বা ধরার জন্য প্রতিবার একটি পুরো অ্যাপার্টমেন্ট ভবন ভেঙে ফেলার কোনো দরকার নেই। কারণ ওই ভবনগুলোতে অনেক সাধারণ মানুষ থাকে এবং তারা সবাই হিজবুল্লাহর সদস্য নয়।’
ট্রাম্প একটি নতুন কৌশলের কথা উল্লেখ করে বলেন, ‘আমি ইসরায়েলকে পরামর্শ দিয়েছি হিজবুল্লাহর বিষয়টি সিরিয়ার ওপর ছেড়ে দিতে। কারণ সত্যি বলতে, আমার মনে হয় সিরিয়া এই কাজটি ইসরায়েলের চেয়ে আরও ভালোভাবে করতে পারবে।’

নিজস্ব প্রতিবেদক