সৌদি আরবে বসবাসে নতুন নিয়ম জারি
সৌদি আরবে বসবাসরত প্রিমিয়াম রেসিডেন্সি হোল্ডারদের (বিশেষ আকামা বা প্রিমিয়াম রেসিডেন্সি সুবিধাভোগী) জন্য পৃথক ওয়ার্ক পারমিট (কাজের অনুমতিপত্র) গ্রহণ করা বাধ্যতামূলক করা হয়েছে। দেশটির শ্রমবাজার ব্যবস্থাপনা বিষয়ক ডিজিটাল প্ল্যাটফর্ম ‘কিউয়া’ এক নতুন নির্দেশনায় এই তথ্য নিশ্চিত করেছে। নতুন এই নিয়ম অনুযায়ী, এই ধরনের বিশেষ ওয়ার্ক পারমিটের জন্য ১০০ সৌদি রিয়াল ফি নির্ধারণ করা হয়েছে।
সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত কিউয়া প্ল্যাটফর্মটি মূলত দেশটির শ্রমবাজার-সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা পরিচালনা করে। এর মধ্যে প্রতিষ্ঠান নিবন্ধন, প্রশিক্ষণ চুক্তি, পদত্যাগ প্রক্রিয়া এবং ভিসা-সংক্রান্ত নানা কার্যক্রম উল্লেখযোগ্য। কিউয়া জানিয়েছে, এই প্ল্যাটফর্মে কোনো প্রতিষ্ঠানের সাবস্ক্রিপশন ফি বা নিবন্ধন ফি নির্ধারিত হবে মূলত ওই কোম্পানির আকার ও ইউনিফায়েড নম্বরের আওতায় নিবন্ধিত মোট কর্মীর সংখ্যার ওপর ভিত্তি করে।
নতুন নির্দেশনায় আরও জানানো হয়েছে, দেশটির ‘তামহীর’ কর্মসূচির আওতায় যেকোনো প্রশিক্ষণ চুক্তি এখন থেকে অনলাইনেই নিবন্ধন করা যাবে। তবে এই ধরনের প্রশিক্ষণ চুক্তিগুলো সৌদিকরণ নীতির হিসাব বা বিদ্যমান কর্মসংস্থান সংক্রান্ত আইনি বাধ্যবাধকতার অংশ হিসেবে গণ্য হবে না। এই প্ল্যাটফর্মের যাবতীয় সেবা ফি ব্যাংক কার্ড, সাদাদ পেমেন্ট সিস্টেম এবং কিউয়া ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে সহজে পরিশোধ করা যাবে।
শ্রমিকদের পদত্যাগ সংক্রান্ত নিয়মাবলীতে বলা হয়েছে, কোনো কর্মী পদত্যাগপত্র জমা দেওয়ার পর নিয়োগকর্তা যদি সেটি গ্রহণ বা স্থগিত না করেন, তবে কর্মী চাইলে সাত দিনের মধ্যে তা প্রত্যাহার করে নিতে পারবেন। তবে পদত্যাগের নোটিশ পিরিয়ডের সময়সীমা চাকরির চুক্তির শর্ত অনুযায়ী একেক জনের ক্ষেত্রে ভিন্ন হতে পারে।
এছাড়া ভিসা সংক্রান্ত নতুন নির্দেশনায় বলা হয়েছে, একবার কোনো ভিসা ইস্যু হয়ে গেলে এর ভেতরের কোনো তথ্য আর সংশোধন করা যাবে না। ভিসায় কোনো ভুল তথ্য থাকলে সংশ্লিষ্ট ভিসাটি বাতিল করে সম্পূর্ণ নতুনভাবে আবার আবেদন করতে হবে।

কামাল পারভেজ অভি, মক্কা