ইরানের বর্তমান নেতৃত্ব বিচক্ষণ : ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বর্তমান ইরানের শীর্ষ নেতৃত্বে এখন ‘যুক্তিপূর্ণ বা বিচক্ষণ’ ব্যক্তিবর্গ রয়েছেন। যুদ্ধের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় বহু ইরানি কর্মকর্তা নিহত হওয়ার প্রেক্ষাপট টেনে তিনি বলেন, যে ইরানি নেতারা ‘সম্পূর্ণ অযৌক্তিক’ ছিলেন, তারা ‘এখন আর নেই’। খবর আল জাজিরার।
লেবাননে ইসরায়েলের সামরিক আগ্রাসন ও হিজবুল্লাহকে সামলানোর বিষয়ে নিজের অসন্তোষ প্রকাশ করে ট্রাম্প বলেন, ‘আমি (ইসরায়েলের পদক্ষেপে) খুশি নই।’ তিনি জানান, লেবানন ইস্যুতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘আরও দায়িত্বশীল হতে হবে’।
তেহরানের পক্ষ থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে যে, লেবাননের ওপর যেকোনো ধরনের নতুন ইসরায়েলি হামলা অথবা এখন থেকে লেবাননের ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্ব অব্যাহত রাখা হলে, তা যুক্তরাষ্ট্রের সঙ্গে করা অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তির সরাসরি লঙ্ঘন বলে গণ্য হবে।
এদিকে, যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি সম্পন্ন হলেও নিজের আক্রমণাত্মক অবস্থান থেকে সরছেন না ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি স্পষ্ট করে বলেছেন, এই চুক্তি হওয়া সত্ত্বেও ইসরায়েলি সেনারা দক্ষিণ লেবানন দখল করে রাখবে।

নিজস্ব প্রতিবেদক