Published : 17 Jun 2026, 11:00 AM
ছোট, একক ও যৌথ তিন পরিবারের গল্প নিয়ে তৈরি হচ্ছে নতুন ধারাবাহিক নাটক 'তবুও জীবন'। বাংলাদেশ টেলিভিশনের জন্য নির্মিত হচ্ছে নাটকটি।
দীর্ঘ ১৬ বছর পর এই নাটকটি দিয়ে ধারাবাহিক নাটক নির্মাণে ফিরেছেন পরিচালক সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনাও করেছেন তিনি।
নাটকটির প্রথম ধাপের দৃশ্যধারণ শেষ। শিগগিরই নাটকটি প্রচারে আসবে বলে জানিয়েছেন ডায়মন্ড।
চিত্রনাট্য নিয়ে ডায়মন্ড গ্লিটজকে বলেন, তিনটি পরিবারের গল্প, একটি হচ্ছে শহরে বাস করা একক পরিবার, যৌথ পরিবার আর ছোট আরেকটি পরিবার। তিনটি পরিবারের জীবনযাপনের গল্পে এগিয়ে যাবে নাটকটি। তাদের জীবনসংগ্রাম আর সম্পর্কের নানা টানাপোড়েনের গল্প উঠে আসবে ধারাবাহিকটিতে।

একটি পরিবারে দেখানো হবে কাজের লোকের কাছে সন্তানকে রেখে কাজে যায় মা-বাবা। কিন্তু কাজে গিয়েও সারাক্ষণ দুশ্চিন্তায় ভোগে সন্তানকে নিয়ে। এতে দম্পতির চরিত্রে অভিনয় করেছেন সাব্বির আহমেদ ও দীপা খন্দকার।
অন্যদিকে, একটি যৌথ পরিবারের সদস্যরা সবাই একসঙ্গে থাকার জন্য নানা সংগ্রাম করে যায়। এই পরিবারে আছেন দিলরুবা দোয়েল রুহি, কাজল মজুমদার, রাশেদা আক্তার, অহিদা সাবরিনাসহ অনেকে।
উন্নত জীবনের আশায় গ্রাম থেকে শহরে আসা এক দম্পতির কাহিনী রয়েছে আরেকটি অংশে। এতে অভিনয় করেছেন কবির টুটুল ও সুমনা সোমা।

নাটকটি নিয়ে ডায়মন্ড বলেন, "আমাদের সময়ে যৌথ পরিবার ছিল। এখন পরিবারগুলো ছোট হয়ে এসেছে। কিছু পরিবার এখনো একত্রে থাকার চেষ্টা করছে। এ ছাড়া উন্নত জীবনের লক্ষ্যে প্রতিনিয়ত গ্রাম থেকে শহরে ভিড় করছে মানুষ। সব মানুষের জীবনে রয়েছে নানা সংগ্রামের গল্প। সেই স্ট্রাগলগুলো দেখানোর চেষ্টা করছি। আশা করছি, প্রচার শুরু হলে ধারাবাহিকটি সবার ভালো লাগবে।"