Published : 16 Jun 2026, 01:46 PM
প্রথমবারের মত বার্ষিক নাট্যোৎসবের আয়োজন করেছে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ। তিনদিনব্যাপী এই উৎসবে ছয়টি নাটক প্রদর্শিত হবে।
বুধবার থেকে শুক্রবার প্রতিদিন সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে হবে এই নাট্যোৎসব।
এই আয়োজনে দেশীয় ও বিশ্বনাট্যের নির্বাচিত নাটকগুলো হলো ‘কমলাকান্তের জবানবন্দি’, ‘ক্রসরোডস’, ‘দ্য টু ক্যারেক্টার প্লে’, ‘চোখে আঙুল দাদা’ ও ‘দ্য জু স্টোরি’।
নাট্যকলা বিভাগ জানিয়েছে, প্রথম দিন বুধবার দেখা যাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘কমলাকান্তের জবানবন্দি’। নাজিমউদদৌলা জুয়েলের নাট্যরূপ ও নির্দেশনায় এতে অভিনয় করেছেন সাইফুল ইসলাম, মৃদুল হাসান, রেজাউল করিমসহ অনেকে।
ব্যঙ্গধর্মী নাটক কমলাকান্তের জবানবন্দিতে উঠে এসেছে সমাজের প্রচলিত বিচারব্যবস্থা, নৈতিকতা ও মানবচরিত্রের নানা অসংগতি।
একই দিন রয়েছে কার্লোস সোলোরজানোর নাটক ‘ক্রসরোডস’, এটি অনুবাদ করেছে সৌম্য সরকার, নির্দেশনায় রিফাত আরা জুঁই। অভিনয়ে আছেন সুমন রানা, শর্মি চাকমা ও আকাশ পাল।
মানুষ কীভাবে বাস্তবতার মুখোমুখি হতে ভয় পায় এবং নিজের অস্তিত্বের শূন্যতা ঢাকতে মিথ্যার মরীচিকা তৈরি করে, তা দেখানো হয়েছে ক্রসরোডস নাটকে।
দ্বিতীয় দিন বৃহস্পতিবার রয়েছে টেনেসি উইলিয়ামস রচিত ‘দ্য টু ক্যারেক্টার প্লে’। দুইটি চরিত্রের মাধ্যমে মানুষের সম্পর্ক, একাকিত্ব, স্মৃতি, স্বপ্ন ও বাস্তবতার দ্বন্দ্ব তুলে ধরা হয়েছে এ নাটকে। এই নাটকের অনুবাদ করেছে তাওসিফ আরেফিন সাম্য, নির্দেশনা দিয়েছেন আলফেয়ার্ড এলিশায় জয়। অভিনয় করেছেন মাইশা মাসফিকা তানিসা ও নাজমুল আহসান মুন্না।
একই দিন দেখা যাবে নাটক ‘চোখে আঙুল দাদা’। এটি রচনা করেছেন মনোজ মিত্র। নাট্যরূপ দিয়েছেন নজরুল সৈয়দ, নির্দেশনা পলক চক্রবর্তী। অভিনয় করেছেন পলক চক্রবর্তী, সুমন রানা, বন্ধন সাহা, হাবিবসহ অনেকে।
সমাজসচেতনতামূলক এ নাটকে বুদ্ধিজীবীদের স্বরূপ উন্মোচন করা হয়েছে।
নাট্যোৎসবের শেষ দিন শুক্রবার রয়েছে এডওয়ার্ড এলবি রচিত নাটক ‘দ্য জু স্টোরি’। এটি অনুবাদ করেছে কাজী মোস্তাইন বিল্লাহ, নির্দেশনায় সমর কান্তি সিংহ।
আধুনিক নগরজীবনের চরম একাকিত্ব ও সামাজিক বিচ্ছিন্নতার গল্প উঠে এসেছে এ নাটকে। অভিনয় করেছেন সরওয়ার জাহান উপল ও হাবিবুল্লাহ হাবিব।
উৎসবের শেষ নাটক হিসেবে দেখা যাবে ‘নবাব সিরাজউদ্দৌলা’ নাটক। নজরুল সৈয়দ রচিত ও নির্দেশিত এই নাটকে অভিনয় করেছেন সজীব হোসেন, প্রীতি সূত্রধর, ফাহাদ খান, দীপ্তি সাহা অনেকে।
১৭৫৭ সালের পলাশীর যুদ্ধ, নবাব সিরাজউদ্দৌলার পরাজয় এবং বাংলার ইতিহাসের গুরুত্বপূর্ণ এক অধ্যায় নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘নবাব সিরাজউদ্দৌলা’। নাটকটিতে বীরত্ব, বিশ্বাসঘাতকতা ও ইতিহাসের পালাবদলের গল্প উঠে আসবে নতুন আঙ্গিকে।