Published : 17 Jun 2026, 02:28 PM
শিল্পকলা একাডেমির আয়োজনে ‘নতুন নাটকের উৎসব ২০২৬’ নামের নাট্যোৎসবের সন্ধ্যায় দেখা যাবে ‘রঙমহাল’ নাটক।
বুধবার সন্ধ্যা ৭টায় একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে দেখা যাবে নাটকটি।
ঢাকা থিয়েটারের ৫৪তম এই প্রযোজনাটি নির্দেশনা দিয়েছেন অভিনেতা ফারুক আহমেদ। এই নাটকের মধ্য দিয়ে ফারুক আহমেদ নাট্যনির্দেশক হিসেবে আত্মপ্রকাশ করেন। ডিসেম্বরে নাটকটির প্রথম প্রদর্শনী হয়।
নাটকটি লিখেছেন রুবাইয়াৎ আহমেদ। এতে অভিনয় করছেন নাসরিন নাহার, মিলু চৌধুরি, ফারজানা চুমকি, বদরুজ্জামান বাদল, মোস্তফা রতন , হাবিবা আজিজ হ্যপী ও অনিক ইসলাম সহ একদল নতুন ও নবীন অভিনেতা।
এর আগে নাটকটি নিয়ে ঢাকা থিয়েটারের দল প্রধান নাসির উদ্দীন ইউসুফ বলেছেন, “নবীন ও প্রবীণের মিশ্রণে গড়ে ওঠা 'রঙমহাল' দর্শক ও সমালোচকদের তৃপ্ত করবে।”
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ এই উৎসবের আয়োজন করেছে। গত ১২ জুন থেকে শুরু হয়েছে এই উৎসব, চলবে শুক্রবার পর্যন্ত। এতে আটটি নাটক প্রদর্শিত হচ্ছে।