Published : 17 Jun 2026, 03:30 PM
বিশ্বকাপের প্রথম ম্যাচে লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্স আর হ্যাটট্রিকে আলজেরিয়াকে হারিয়ে আর্জেন্টিনার দুর্দান্ত জয়ে, মেসিভক্ত তারকারা ভাসিয়ে দিচ্ছেন প্রশংসায়।
প্রিয় দলের এই রাজকীয় জয়ে ফেইসবুকে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার অভিনেতা, অভিনেত্রী থেকে ছোট পর্দার অভিনয়শিল্পীরা। তাদের মধ্যে ব্রাজিল সমর্থক অভিনয়শিল্পীরাও বাদ নেই।
কেউ কেউ আবার গ্যালারিতে বসে সরাসরি খেলা দেখেছেন। খেলা দেখে তারকারা কে, কী লিখেছেন তা তুলে ধরেছে গ্লিটজ।
অভিনেত্রী শবনম বুবলী ব্রাজিল সমর্থক। কিন্তু তিনি আবার মেসি ভক্ত। মেসির ছবি দিয়ে ফেইসবুকে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, "এই লোকটা কীভাবে এত দারুণ খেলে? লিওনেল মেসি আসল জাদুকর। দল যার যার, কিন্তু মেসি সবার!"
ছোট পর্দার অভিনেত্রী কেয়া পায়েল মেসির হ্যাটট্রিকের প্রশংসা করেছেন। উচ্ছ্বাস প্রকাশ করে এক পোস্টে তিনি লিখেছেন, "তিন তিনটি গোল। একজনই মহাতারকা। মাঠজুড়ে শুধু তার রাজত্ব। ছন্দে থাকলে এই মানুষটিকে থামানো যেন অসম্ভব।"
আরেক অভিনেত্রী তানিয়া বৃষ্টি মেসির একটি ছবি শেয়ার করে লিখেছেন, "চ্যাম্পিয়নদের মত মানসিকতা! অভিনন্দন টিম আর্জেন্টিনা।"
আর্জেন্টিনার খেলা দেখে ঘুমাতে যান অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। জয়ের প্রতিক্রিয়ায় মজার ছলে অভিনেত্রী লিখেছেন, "ওকে ঠিক আছে, শুভরাত্রি!"।
মেসিকে নিয়ে বুধবার সকাল থেকেই একের পর এক পোস্ট দিয়েছেন অভিনেতা ইরফান সাজ্জাত। শেষ পোস্টে রসিকতা করে তিনি লিখেছেন, "বুঝলাম না, মেসি পেনাল্টি থেকে পরপর তিনটা গোল দিয়ে দিল। আর তোমাদের কোনো আওয়াজ নাই! রাগ করলা নাকি"
অভিনেতা এফএস নাঈম ও নাদিয়া আহমেদ দম্পতি সরাসরি আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার খেলা দেখেছেন গ্যালারিতে বসে। সেখান থেকে স্বামীর সঙ্গে একটি ছবি পোস্ট করে নাদিয়া লিখেছেন, "ইয়েস, আমরা এখানে, আর্জেন্টিনা। গর্জন তুলুন! আর্জেন্টিনা ২-আলজেরিয়া ০, লিওনেল মেসি।"
আর্জেন্টিনার জার্সি গায়ে নিজের একটি ছবি পোস্ট করে অভিনেত্রী জাকিয়া বারী মম লিখেছেন, “জয়ে রাঙানো এক চমৎকার সকাল, সবাইকে শুভ সকাল!”
অভিনেত্রী সালহা খানম নাদিয়া মেয়ে মেহেরুজ নূর সানাকে নিয়ে ম্যাচ দেখার অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি লিখেছেন, "সানার জীবনের প্রথম দেখা আর্জেন্টিনার ম্যাচ। সেই ম্যাচেই আর্জেন্টিনার জয়, মেসির হ্যাটট্রিক। বিশ্বকাপ যাত্রার শুরুটা এর চেয়ে সুন্দর আর কী হতে পারে?"
অভিনেত্রী তমা মির্জা লিখেছেন, "শুভ সকাল! চিরচেনা মেসি।" আরেকটি পোস্টে তিনি লিখেছেন, "আজকে আর কোনো কথা হবে না।"
ছোট পর্দার অভিনেতা নিলয় আলমগীরও উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, "বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনার রাজকীয় শুরু!’
যুক্তরাষ্ট্রে থাকা অভিনেতা জায়েদ খান এক পোস্টে লিখেছেন, "অভিনন্দন আর্জেন্টিনা। ম্যারাডোনার জন্যই আজকে ফুটবল ভালোবাসি, আর্জেন্টিনাকে ভালোবাসি। অসাধারণ লিওনেল মেসি।"
সরাসরি খেলা দেখেছেন অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী। আর্জেন্টিনা সমর্থক এই অভিনেত্রী ছবি পোস্ট করে লিখেছেন, "মাই লাভ মেসি, প্রিয় দল আর্জেন্টিনার জন্য ভালোবাসা।"